
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আপনারা আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার স্বামী এম. ইলিয়াস আলীকে বিপুল ভোটে নির্বাচিত করে সেবার সুযোগ দিয়েছিলেন। তিনি অবহেলিত ও বঞ্চিত এই অঞ্চলের উন্নয়নে নব দিগন্তের সূচনা করেছিলেন এবং কাঙ্ক্ষিত উন্নয়ন করে মানুষের অন্তরে স্থান করে নিয়েছিলেন।
তিনি বলেন, গত নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর এই আসনের জনগুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৫০টি রাস্তা ও ৭টি সেতুর তালিকা করে প্রধানমন্ত্রীর দপ্তরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের উন্নয়নে খুবই আন্তরিক। ইতোমধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কসহ বেশ কিছু কাজের অনুমোদন হয়েছে। ইনশাল্লাহ আমার মেয়াদকালে আপনাদের সকল দাবি-দাওয়া পূরণের চেষ্টা করব।
তিনি গত নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করায় রামপাশা ইউনিয়নবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
গত বৃহস্পতিবার রাতে রামপাশা ইউনিয়নের আশুগঞ্জ বাজারে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুজ্জামান খানের সভাপতিত্বে ও যুবদল নেতা ইসলাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, সাবেক আহ্বায়ক গৌছ খান, পৌর বিএনপির সভাপতি হাজী মো. আব্দুল হাই, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, বিশ্বনাথ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার।
এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬