কানন জামান, উইনিপেগ (মানিটোবা) কানাডা থেকে:
মানিটোবা পাবলিক ইন্স্যুরেন্স (MPI) উইনিপেগে রাইডশেয়ার চালকদের বীমা যাচাই প্রক্রিয়া আরও কঠোর করেছে। সংস্থাটির সাম্প্রতিক নিরীক্ষায় দেখা গেছে, বিপুল সংখ্যক চালক সঠিক বীমা ছাড়াই যাত্রী পরিবহন করছেন।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে MPI এর প্রেসিডেন্ট ও সিইও সতবীর জাতনা জানান, উইনিপেগে অনুমোদিত রাইডশেয়ার সেবা Uber ও Lyft-এর চালকদের MPI থেকে Vehicle for Hire বীমা নেওয়া বাধ্যতামূলক। কিন্তু অনেক চালক অনুমোদন পাওয়ার পর সেই কভারেজ বাদ দিয়ে সাধারণ বীমায় ফিরে যাচ্ছেন।
জাতনা বলেন, "যখন একজন চালক রাইডশেয়ার থেকে ব্যক্তিগত ব্যবহারে কভারেজ পরিবর্তন করে রাইডশেয়ার চালিয়ে যান, সেটা প্রতারণা, সহজভাবে বললে জালিয়াতি।"
MPI জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৩ হাজারের বেশি চালককে বীমা সংক্রান্ত কারণে সাময়িকভাবে চলাচল বন্ধ রাখা হয়েছে। ৪০৮টি গাড়ির দৈবচয়ন নমুনায় ১০৮টি গাড়িতে সঠিক বীমা পাওয়া যায়নি।
প্রাথমিক হিসাবে, ভুল বীমায় চলা প্রায় ১ হাজার ২০০ পলিসিতে ২ লাখ ৬০ হাজার ডলারের প্রিমিয়াম কম আদায় হয়েছে। এছাড়া এমন ৩৬টি দুর্ঘটনার দাবি শনাক্ত হয়েছে যার আর্থিক মূল্য প্রায় ১ লাখ ৮৯ হাজার ডলার। MPI এই অর্থ আদায়ে আইনি পদক্ষেপ নিচ্ছে।
উইনিপেগ সিটি কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে। সঠিক বীমা ছাড়া রাইডশেয়ার চালালে Vehicles for Hire আইনে জরিমানার বিধান রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, Vehicle for Hire কভারেজ অতিরিক্ত ঝুঁকি বিবেচনা করে তৈরি। সঠিক প্রিমিয়াম না দিলে তা শেষ পর্যন্ত সকল মানিটোবার বীমা গ্রাহকের ওপর চাপ সৃষ্টি করে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬