
চিত্রশিল্পী মিলন বিশ্বাস
শিক্ষা মানুষকে আলোকিত করে, বিবেককে জাগ্রত করে এবং সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনের পথ দেখায়। একজন মানুষ উচ্চশিক্ষা অর্জনের জন্য জীবনের দীর্ঘ সময় ব্যয় করেন। পরিবার, বাবা-মা, আত্মীয়স্বজন, প্রিয়জন ও জন্মভূমির পরিচিত পরিবেশ ছেড়ে অনেকেই পাড়ি জমান দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। কখনো নির্বাসিত জীবনের মতো নিঃসঙ্গতা, কখনো আর্থিক সংকট, আবার কখনো নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তাঁরা এগিয়ে যান মানুষ হওয়ার জন্য তাঁদের স্বপ্ন পূরণের লক্ষ্যে। দীর্ঘ অধ্যবসায়, ত্যাগ ও সাধনার মধ্য দিয়ে কেউ স্নাতক, কেউ স্নাতকোত্তর, আবার কেউ ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
এই অর্জন নিঃসন্দেহে গৌরবের। আমাদের সমাজে উচ্চশিক্ষার একটি দৃশ্যমান প্রতীক হলো আনুষ্ঠানিক পোশাকের সঙ্গে পরা টাই। অনেকের কাছে এই টাই যেন শিক্ষাগত যোগ্যতা, সামাজিক মর্যাদা ও প্রতিষ্ঠিত হওয়ার প্রতীক। কিন্তু আমার প্রশ্ন হলো, এই টাইয়ের মর্যাদা কি কেবল পোশাকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? নাকি এর সঙ্গে যুক্ত হবে সততা, আদর্শ, নৈতিকতা ও মানবিকতার পরিচয়?
আমার আঁকা জলরঙের একটি শিল্পকর্মের শিরোনাম ‘উচ্চশিক্ষার বস্ত্র পরে আদর্শতা নষ্ট করতে নেই’। এই ছবির মধ্য দিয়ে আমি সমাজের একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা ও নৈতিক সংকটের কথা তুলে ধরতে চেয়েছি। আমার দৃষ্টিতে, উচ্চশিক্ষা অর্জনের পর একজন মানুষের দায়িত্ব আরও বেড়ে যায়। কারণ শিক্ষিত মানুষই সমাজ ও রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত হন। তাঁদের কেউ প্রশাসনের উচ্চপদে, কেউ রাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়ে, কেউ ব্যবসা-বাণিজ্যে, কেউবা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃত্বে আসীন হন। তাঁদের সিদ্ধান্ত, কর্মপরিকল্পনা ও দায়িত্বশীলতার ওপর নির্ভর করে একটি দেশের অনেক মানুষের ভবিষ্যৎ।
কিন্তু দুঃখজনকভাবে আমরা সংবাদপত্র, টেলিভিশন ও বিভিন্ন গণমাধ্যমে প্রায়ই এমন কিছু ঘটনা দেখতে পাই, যেখানে উচ্চশিক্ষিত ও গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তিদের কারও কারও বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, প্রতারণা কিংবা রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের অভিযোগ ওঠে। কেউ কেউ বিপুল সম্পদের মালিক হন, দেশে-বিদেশে সম্পদ গড়ে তোলেন। আবার কোনো কোনো ক্ষেত্রে অভিযোগ প্রকাশ্যে আসার পর দেশ ছেড়ে অন্যত্র চলে যাওয়ার ঘটনাও সংবাদমাধ্যমে উঠে আসে।
এখানে আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না, কিংবা সব উচ্চশিক্ষিত মানুষকে একই দৃষ্টিতে দেখতে চাই না। বরং একটি প্রশ্ন সমাজের সামনে রাখতে চাই যে শিক্ষা অর্জনের জন্য একজন মানুষ এত ত্যাগ স্বীকার করলেন, সেই শিক্ষাই যদি মানুষের অধিকার হরণ, দুর্নীতি কিংবা দেশ ও সমাজের ক্ষতির কাজে ব্যবহৃত হয়, তাহলে সেই শিক্ষার প্রকৃত সার্থকতা কোথায়?
আমার কাছে শিক্ষার প্রকৃত পরিচয় সনদ, ডিগ্রি, পদবি কিংবা পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার প্রকৃত পরিচয় মানুষের চরিত্রে, আচরণে, দায়িত্ববোধে এবং নৈতিক অবস্থানে। একজন মানুষ কত বড় ডিগ্রি অর্জন করেছেন, তা অবশ্যই গুরুত্বপূর্ণ; কিন্তু তিনি কতটা সৎ, কতটা মানবিক এবং নিজের দায়িত্বের প্রতি কতটা নিষ্ঠাবান সেটিই তাঁকে প্রকৃত অর্থে শিক্ষিত করে তোলে।
আমি মনে করি, কোট-টাই একজন মানুষের বাহ্যিক পরিচিতি হতে পারে, কিন্তু তাঁর অন্তরের পরিচয় হতে হবে সততা ও আদর্শ। মুখে শিক্ষিত সমাজের প্রতিনিধিত্ব করে অন্তরে যদি লোভ, স্বার্থপরতা ও অসততা লালন করা হয়, তাহলে সেই শিক্ষার আলো সমাজকে আলোকিত করতে পারে না। বরং বাহ্যিক আভিজাত্যের আড়ালে নৈতিকতার অবক্ষয় সমাজকে ধীরে ধীরে অন্ধকারের দিকে ঠেলে দেয়। কিছু মানুষ এ যেন সুন্দর পোশাকের আড়ালে লুকিয়ে থাকা এক অদৃশ্য মুখোশ।
একজন শিল্পী হিসেবে আমি বিশ্বাস করি, শিল্পকর্ম শুধু সৌন্দর্য প্রকাশের মাধ্যম নয়; শিল্প মানুষের চিন্তা, বিবেক, অনুভূতি ও প্রতিবাদেরও ভাষা। একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও শক্তিশালী হয়ে উঠতে পারে। একটি শিল্পকর্মের বক্তব্য শুধু একটি দেশ বা সমাজের মধ্যে সীমাবদ্ধ থাকে না; মানবজীবনের সার্বজনীন সত্য ও সংকটও তার মধ্য দিয়ে প্রকাশিত হতে পারে। আমার এই জলরঙের ছবির মাধ্যমে আমি সেই সার্বজনীন মানবিক বার্তাটিই পৌঁছে দিতে চেয়েছি।
আমরা সবাই একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি। প্রত্যেকে নিজের জন্মভূমিকে ভালোবাসি, নিজের দেশকে উন্নত ও সমৃদ্ধ দেখতে চাই। কিন্তু শুধু উন্নত ভবন, বড় বড় সেতু, আধুনিক প্রযুক্তি কিংবা বিপুল অর্থসম্পদ দিয়ে একটি সুন্দর রাষ্ট্র গড়ে তোলা সম্ভব নয়। একটি রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন নির্ভর করে তার মানুষের সততা, ন্যায়বোধ, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধের ওপর। বিশেষ করে যাঁরা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, তাঁদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি।
তাই যাঁরা উচ্চশিক্ষা অর্জন করছেন, যাঁরা ভবিষ্যতে বড় বড় দায়িত্ব গ্রহণ করবেন, তাঁদের প্রতি আমার বিনীত আহ্বান আপনারা শিক্ষা অর্জন করুন, উচ্চতর ডিগ্রি নিন, ডক্টরেট করুন, বিশ্বজুড়ে নিজের পরিচিতি ও সুনাম ছড়িয়ে দিন। কিন্তু কোনো অবস্থাতেই নিজের আদর্শ ও নৈতিকতাকে বিসর্জন দেবেন না। আপনাদের অর্জিত জ্ঞান যেন মানুষের কল্যাণে, দেশের উন্নয়নে এবং আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে কাজে লাগে।
মনে রাখতে হবে, অর্থ মানুষের প্রয়োজন পূরণ করতে পারে, সাময়িক স্বাচ্ছন্দ্য ও বিলাসিতা দিতে পারে; কিন্তু অর্থ দিয়ে প্রকৃত সম্মান, ভালোবাসা কিংবা মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেওয়া যায় না। অতিরিক্ত অর্থের লোভ অনেক সময় মানুষকে তার বিবেক ও আদর্শ থেকে বিচ্যুত করে। অথচ মৃত্যুর পর কোনো সম্পদ, বাড়ি, গাড়ি কিংবা ব্যাংক হিসাব সঙ্গে নিয়ে যাওয়ার সুযোগ নেই। কাফনের কাপড়ে কোনো পকেট থাকে না। পৃথিবীতে অর্জিত সবকিছু এখানেই পড়ে থাকে; মানুষকে একাই বিদায় নিতে হয়। তখন মানুষের কর্ম, সততা ও ভালো কাজের স্মৃতিই অন্যদের কাছে থেকে যায়।
আমি চাই, একজন মানুষ তাঁর জীবনের শেষ দিন পর্যন্ত নিজের সততা ও আদর্শের পরিচয় বহন করুন। তাঁর অর্জিত শিক্ষা যেন মানুষের উপকারে আসে, তাঁর অবস্থান যেন দুর্বল ও অসহায় মানুষের অধিকার রক্ষায় কাজে লাগে। দেশকে ঠকিয়ে, মানুষকে ঠকিয়ে কিংবা রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করে কেউ প্রকৃত অর্থে সফল হতে পারেন না। সাময়িকভাবে হয়তো সম্পদের পাহাড় গড়া যায়, কিন্তু তাতে মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করা যায় না।
তবে এটিও সত্য, আমাদের সমাজে এখনো অসংখ্য সৎ, নিষ্ঠাবান, মানবিক ও আদর্শবান মানুষ রয়েছেন। তাঁদের সততা, দায়িত্বশীলতা ও ভালো কাজের কারণেই সমাজ এখনো টিকে আছে। তাঁদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। আমি কখনোই সবাইকে এক পাল্লায় মাপতে চাই না। বরং চাই, ভালো মানুষের সংখ্যা আরও বাড়ুক, শিক্ষিত মানুষের মধ্যে নৈতিকতার চর্চা আরও শক্তিশালী হোক।
এই শিল্পকর্মের পেছনেও রয়েছে একটি আন্তরিক প্রেরণা। আমার আঁকা ছবিটি আমার শ্রদ্ধেয় শিল্পগুরু শিল্পী রণজিৎ দাস স্যারকে পাঠালে তিনি ছবিটি দেখে প্রশংসা করেন। পাশাপাশি ছবিটির অন্তর্নিহিত ভাবনা ও বক্তব্য নিয়ে লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পরামর্শ দেন। তাঁর সেই অনুপ্রেরণাই আমাকে ছবিটির ভাবনা আরও গভীরভাবে তুলে ধরতে উৎসাহিত করেছে।
একজন শিল্পী হিসেবে শিল্পসাধনার মধ্য দিয়ে যতটুকু জ্ঞান, অভিজ্ঞতা ও উপলব্ধি অর্জন করেছি, সমাজের বিভিন্ন ঘটনা, সংবাদপত্র, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার খবরাখবর থেকে যা দেখেছি ও অনুভব করেছি, তারই একটি শৈল্পিক প্রকাশ এই ছবিটি। আমার এই সৃষ্টি কাউকে ছোট করার জন্য নয়; বরং প্রত্যেক মানুষকে নিজের বিবেকের সামনে দাঁড় করানোর একটি ক্ষুদ্র প্রয়াস।
আমার প্রত্যাশা, আমরা কেউ মুখোশ পরে সমাজ পরিচালনা করব না। উচ্চশিক্ষার পোশাক পরে নৈতিকতাকে বিসর্জন দেব না। বড় পদে অধিষ্ঠিত হয়ে মানুষের অধিকার ভুলে যাব না। বরং যার যার অবস্থান থেকে সততা, নিষ্ঠা ও ভালোবাসার মাধ্যমে দেশকে সুন্দর করে সাজাব। পৃথিবীটা শুধু আমার একার নয়, এই দেশটাও শুধু একজনের নয় এটি আমাদের সবার। তাই আমাদের প্রত্যেকেরই রয়েছে নিজের জন্মভূমির প্রতি দায়িত্ব ও দায়বদ্ধতা।
আমি দুহাত তুলে পৃথিবীর সব শিক্ষার্থী, শিক্ষক, উচ্চশিক্ষিত মানুষ, রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তি এবং আগামী দিনের নেতৃত্বের কাছে একটি মানবিক প্রত্যাশা জানাই আপনারা উচ্চশিক্ষিত হোন, ডক্টরেট অর্জন করুন, দেশ-বিদেশে সুনাম অর্জন করুন; কিন্তু সবার আগে একজন ভালো মানুষ হয়ে উঠুন। আপনাদের জ্ঞান, মেধা ও যোগ্যতা যেন মানবকল্যাণে নিয়োজিত হয়। আপনাদের পরিচয় যেন শুধু কোট-টাই কিংবা উচ্চশিক্ষার সনদে সীমাবদ্ধ না থাকে; পরিচয় হয়ে উঠুক সততা, আদর্শ, ন্যায়বোধ ও মানবিকতায়।
কারণ, উচ্চশিক্ষা মানুষকে বড় পদে বসাতে পারে, কিন্তু আদর্শই মানুষকে প্রকৃত অর্থে মহান করে তোলে।
এই হোক আমার শিল্পকর্মের বার্তা, এই হোক আমাদের সবার প্রত্যাশা।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬