
স্টাফ রিপোটার, নীলফামারী
নীলফামারীর ডিমলা বাজারে কুড়িয়ে পাওয়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকুব)-এর একটি গুরুত্বপূর্ণ চেক সততা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য মোঃ ইমরান ইসলাম।
জানা গেছে, বুধবার ডিমলা বাজার এলাকায় চলাচলের সময় একটি ব্যাংক চেক কুড়িয়ে পান আনসার সদস্য মোঃ ইমরান ইসলাম। পরে তিনি চেকটি নিজের কাছে না রেখে বিষয়টি দ্রুত ডিমলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফারুক হোসেন এবং উপজেলা প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামানকে অবহিত করেন।
খবর পেয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষক চেকটির প্রকৃত মালিককে শনাক্ত করার উদ্যোগ নেন। তাদের নির্দেশনায় প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া যায় যে, চেকটির মালিক রতন চন্দ্র রায়।
পরবর্তীতে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান এবং আনসার সদস্য মোঃ ইমরান ইসলাম আনুষ্ঠানিকভাবে রতন চন্দ্র রায়ের হাতে চেকটি হস্তান্তর করেন।
হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ ব্যাংক চেক ফিরে পেয়ে রতন চন্দ্র রায় উপজেলা আনসার ও ভিডিপি পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে, আনসার সদস্যদের সততা, দায়িত্ববোধ ও দ্রুত পদক্ষেপের এই ঘটনা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই এটিকে জনসেবামূলক দায়িত্ব পালনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬