
ক্রীড়া প্রতিবেদক:
জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে চট্রগ্রামের কিডস্ ক্লাব আইটিএফ। বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় গত ২৪ থেকে ২৬ জুলাই ২০২৬ পর্যন্ত রাজধানীর ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে (সাবেক সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স) অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘মার্শাল আর্ট ক্লাব কাপ-২০২৬’ এর আইটিএফ তাইকোয়ান-ডো ইভেন্টে যৌথ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিযোগিতায় কিডস্ ক্লাবের মোট ২৪ জন শিক্ষার্থী বিভিন্ন বয়সভিত্তিক ওজনভিত্তিক গ্রুপে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে দেখা যায় কিডস্ ক্লাবের শিক্ষার্থীরা ১০টি স্বর্ণপদক, ৮টি রৌপ্যপদক এবং ৬টি ব্রোঞ্জপদক জয় করেছে। দলগত পারফরম্যান্সের ভিত্তিতে তারা যৌথ চ্যাম্পিয়নের ট্রফিও অর্জন করে।
এই গৌরবময় অর্জনে কিডস্ ক্লাবের প্রধান পরিচালক আয়াত উল্লাহ খান সকল বিজয়ী শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, "আমাদের শিক্ষার্থীদের এই সফলতা শুধু কিডস্ ক্লাবের নয়, পুরো চট্রগ্রামের জন্য অত্যন্ত গর্বের। তাদের এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও খেলাধুলা ও আত্মরক্ষামূলক প্রশিক্ষণে উৎসাহিত করবে। সঠিক দিকনির্দেশনা পেলে তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য নিয়ে আসবে বলে আমার বিশ্বাস।"
একই সঙ্গে তিনি বিজয়ীদের অভিভাবক, প্রধান প্রশিক্ষক আলী আকবর (প্রেসিডেন্ট, আইটিএফ বাংলাদেশ) এবং সংশ্লিষ্ট সকল প্রশিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কিডস্ ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, এই সাফল্যের পেছনে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন, প্রধান প্রশিক্ষক ও প্রশিক্ষকদের দক্ষ দিকনির্দেশনা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কর্তৃপক্ষ আরও আশা প্রকাশ করে যে, ভবিষ্যতেও কিডস্ ক্লাব আইটিএফ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জনের মাধ্যমে বাংলাদেশ ও প্রতিষ্ঠানের সুনাম বিশ্বদরবারে উজ্জ্বল করবে।
উল্লেখ্য, এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন ক্লাবের প্রায় ৪০ জন প্রতিযোগী বিভিন্ন বয়স ওজনভিত্তিক বিভাগে মোট ৯টি ইভেন্টে অংশ নেন। ২৪ জুলাই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি ও এয়ার ভাইস মার্শাল (অব.) মোঃ বদরুল আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান। ২৬ জুলাই সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেসলিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব মো: হাসানুজ্জান খান বাবলু।
শেষ দিনে বিজয়ীদের মাঝে ট্রফি, মেডেল ও সনদপত্র বিতরণ করা হয়।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬