ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ (২০২৬-২৭) সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়েছে।
৫ নভেম্বর (বৃহস্পতিবার) ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়াম রুমে উদ্বোধনী অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়।
ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে প্রধানমন্ত্রী এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
ধামইরহাট উপজেলায় ছড়িয়ে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) কার্যক্রম শুরু হয়েছে। ‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা’ - দেশব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন খেলোয়াড়দের মাঝে খেলার সামগ্রী বিতরণ শেষে বিকেল ৫টায় ব্যাডমিন্টন খেলার শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান, তথ্য সেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলামসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
বক্তারা বলেন, খেলাধুলা কেবল বিনোদন নয়, বরং শিশু-কিশোরদের শারীরিক, মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও আত্মবিশ্বাস গড়ে তোলে। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে গ্রাম-শহরের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ পাবে। এদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করা হলে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক আসরে দেশের প্রতিনিধিত্ব করবে তারা।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬