
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। শুক্রবার (১৫ আগস্ট) তিনি থানাটি পরিদর্শন করেন। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। তিনি থানার বিভিন্ন রেজিস্টার ও গুরুত্বপূর্ণ নথিপত্র পরিদর্শন করে সেগুলো যথাযথভাবে সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন।
পরে থানায় কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার। এ সময় তিনি সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পুলিশ সুপার জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, দ্রুত পুলিশি সেবা প্রদান এবং সেবাপ্রত্যাশীদের অভিযোগ ও সমস্যাকে গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য থানার কর্মকর্তাদের নির্দেশনা দেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মামলা তদন্ত এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আরও দায়িত্বশীল ও তৎপর হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনের একপর্যায়ে পুলিশ সুপার থানার আশপাশের এলাকা ঘুরে দেখেন। পরে থানা প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি এলাকার সার্বিক পরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থান সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের আস্থা অর্জন পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধ বজায় রেখে জনগণের পাশে থেকে কাজ করতে হবে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬