
রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে অবস্থিত প্রাচীন নাওডাঙ্গা জমিদারবাড়ি, যা স্থানীয়ভাবে প্রমদারঞ্জন জমিদারবাড়ি নামে পরিচিত। একসময় হাতি-ঘোড়া, পাইক-পেয়াদা, মন্দির, পুকুর আর উৎসবের জাঁকজমকে মুখরিত থাকলেও আজ সেই বাড়ির অধিকাংশ স্থাপনা ধ্বংসের পথে।
জমিদার বাহাদুর প্রমদারঞ্জন বক্সী ব্রিটিশ আমলে এই জমিদারবাড়ি নির্মাণ করেন। প্রায় ৯ একর জমির ওপর গড়ে ওঠা বাড়িটিতে একসময় হাতিশাল, ঘোড়াশাল, অতিথিশালা, রানির শয়নকক্ষ, গোসলখানা, রান্নাঘর, কয়েদখানা, পুকুর ও মন্দিরসহ নানা স্থাপনা ছিল।
শিক্ষা বিস্তারেও জমিদার পরিবারের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ১৯১৯ সালে প্রমদারঞ্জন বক্সী নাওডাঙ্গা মধ্য ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পাশাপাশি দোলপূর্ণিমা উপলক্ষে বাড়ির সামনে আয়োজন হতো ঐতিহ্যবাহী দোল উৎসব ও মেলা, যেখানে দূর-দূরান্ত থেকে মানুষ অংশ নিতেন।
জমিদারি প্রথার অবসানের পর পরিবারের সদস্যরা ভারতে চলে গেলে ধীরে ধীরে অরক্ষিত হয়ে পড়ে বাড়িটি। বর্তমানে ভবনের দেয়াল ও ছাদের বিভিন্ন অংশ ভেঙে পড়েছে, হারিয়ে গেছে পুরোনো পুকুরের ঘাটসহ অনেক স্থাপনা।
বাড়ির পাশে এখনো রয়েছে পুরোনো শিবমন্দির ও দুর্গামন্দির। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা সেখানে ধর্মীয় আয়োজন করে থাকেন।
সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জমিদারবাড়িটির জরাজীর্ণ অবস্থা ও সংরক্ষণের প্রয়োজনীয়তা উঠে এসেছে। জানা গেছে, স্থাপনাটি জেলা প্রশাসনের অধীনে রয়েছে।
নাওডাঙ্গা জমিদারবাড়ি শুধু একটি পুরোনো স্থাপনা নয়, এটি ফুলবাড়ীর শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মারক। ঐতিহাসিক এই নিদর্শন সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬