হারাধন সূত্রধর, ময়মনসিংহ:
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খালেদ উজ্জামানের সঙ্গে জেলার কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের টিটিসি কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার বিষয় ছিল ‘নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ও গণমাধ্যম: সহযোগিতা ও উন্নয়ন’।
সভায় উপাচার্য প্রফেসর ড. মো. খালেদ উজ্জামান প্রারম্ভিক বক্তব্য দেন। পরে পরিচয়পর্ব শেষে শুরু হয় উন্মুক্ত আলোচনা। এতে সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, নিয়োগ প্রক্রিয়া, শিক্ষার্থীদের আবাসন সংকটসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।
আলোচনায় বিশ্ববিদ্যালয়ের অতীতের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া নিয়ে ওঠা প্রশ্ন ও অনিয়মের অভিযোগ গুরুত্ব পায়। পাশাপাশি চলমান অবকাঠামো উন্নয়ন ও নির্মাণকাজের অগ্রগতি এবং শিক্ষার্থীদের আবাসনসংক্রান্ত সমস্যার বিষয়েও সাংবাদিকরা মতামত দেন।
সাংবাদিকদের বক্তব্যের পর উপাচার্য প্রফেসর ড. মো. খালেদ উজ্জামান বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, অতীতে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় এবং প্রশ্নবিদ্ধ নিয়োগ প্রক্রিয়া নিয়ে তাঁর বক্তব্য তুলে ধরেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগত কাজের অগ্রগতি, বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা করেন তিনি।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ করা ২ হাজার ৬০০ কোটি টাকা থেকে ৭০০ কোটি টাকা কেটে নেওয়া হয়েছে। তাঁর দাবি, ইউনূস সরকারের আমলে ওই অর্থ কেটে নেওয়া হয়। এ ছাড়া গত ৫ আগস্টের পর অনেক ঠিকাদার কাজ ফেলে চলে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজেও জটিলতা সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।
নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রসঙ্গেও উপাচার্য বক্তব্য দেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে মেধাকে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং ভবিষ্যৎ কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য তিনি সাংবাদিকদের সুচিন্তিত মতামত ও সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা বক্তব্য দেন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ইমদাদুল হক এবং জনসংযোগ দপ্তরের টিচার ইনচার্জ ড. সাদ্দাম হুসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সাংবাদিকদের সামনে খোলামেলাভাবে তুলে ধরায় উপাচার্যকে সাধুবাদ জানান উপস্থিত সাংবাদিকরা। একই সঙ্গে ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও গণমাধ্যমের মধ্যে নিয়মিত মতবিনিময় অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬