জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে নৌকাডুবির ঘটনায় নিহত হিন্দু ধর্মাবলম্বী ৪ পরিবারের পাশে দাঁড়িয়েছে যোগী সম্মিলনী। সান্ত্বনা দেওয়ার পাশাপাশি নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন সংগঠনের সিলেট ও মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দ।
গত শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ দুপুরে জগন্নাথপুর পৌরশহরের পূর্ব ভবানীপুর এলাকায় যান যোগী সম্মিলনী সিলেট বিভাগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলার প্রতিনিধি ডা. ধীরেন্দ্র দেবনাথ, সুকুমার দেবনাথ ও ডা. মুকুন্দ দেবনাথ এবং মৌলভীবাজার জেলার প্রতিনিধি অ্যাডভোকেট কানাই লাল নাথ ও গৌরাঙ্গ দেবনাথ।
নেতৃবৃন্দ নৌকাডুবিতে নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
সহায়তা প্রদানকালে নিহত পূর্ব ভবানীপুর এলাকার হেমেন্দ্র দেবনাথের পরিবারকে নগদ ২২ হাজার টাকা এবং সত্যেন্দ্র দেবনাথ, অরুণ দেবনাথ ও অধীর দেবনাথের পরিবারকে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা প্রদান করা হয়। এ নিয়ে মোট ৫২ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।
আর্থিক সহায়তা প্রদানকালে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী নেতা প্রমোদ দেবনাথ, মানিক দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় যোগী সম্মিলনীর নেতৃবৃন্দ বলেন, একসাথে চারজনের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। হাওর বেষ্টিত এলাকার মানুষকে চলাচলে আরও সতর্কতা অবলম্বনের অনুরোধ জানাচ্ছি।
প্রসঙ্গত: চলতি মাসের ১ আগস্ট একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে নৌকায় বাড়ি ফেরার পথে ভোর রাতে জগন্নাথপুর উপজেলার বৃহৎ মইয়ার হাওরে নৌকাডুবির ঘটনায় হিন্দু সম্প্রদায়ের এই ৪ জন নিহত হন।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬