
সাদ্দাম হোসেন সাজ্জাদ, কক্সবাজার:
কক্সবাজারের উখিয়ায় পর্যটকবাহী চাঁদের গাড়িতে করে ইয়াবা পাচারের সময় ৪ হাজার পিস ইয়াবাসহ গাড়িচালক মো. ওমর ফারুক (১৯)কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে উখিয়া ৬৪ বিজিবির শীলখালী চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
আটক ওমর ফারুক কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের তুতখালী গ্রামের আলী হোসেনের ছেলে।উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।বিজিবি জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি পর্যটকবাহী চাঁদের গাড়ি শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটিতে তল্লাশি শুরু করেন। এ সময় বিজিবির মাদক শনাক্তকারী ডগ ‘হেনরি’ দিয়ে তল্লাশি চালানো হয়।তল্লাশির একপর্যায়ে গাড়ির চালকের স্টিয়ারিংয়ের কাছে পলিথিনে অভিনব কায়দায় লুকিয়ে রাখা নীল রঙের পলিথিনে মোড়ানো দুটি মিনি কাট উদ্ধার করা হয়। পরে সেগুলো থেকে মোট ৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।এ ঘটনায় গাড়িচালক ওমর ফারুককে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত চাঁদের গাড়ি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক জানিয়েছে, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গাড়িটি আরও বিস্তারিত তল্লাশি করা হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধেও বিজিবির অভিযান অব্যাহত থাকবে।আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬