
হারাধন সূত্রধর, ময়মনসিংহ:
নেত্রকোণার পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষার জন্য ময়মনসিংহ থেকে সিআইডির বিশেষায়িত ক্রাইম সিন দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কার্যালয়ের একটি আলমারি থেকে ৪৬ হাজার ১৩০ টাকা ও আইএফআইসি ব্যাংকের একটি ক্রেডিট কার্ড খোয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে চুরির বিষয়টি জানাজানি হয়। এর আগে সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
কার্যালয় সূত্রে জানা গেছে, চোরেরা কার্যালয়ের পেছনের দিকের একটি জানালার গ্রিল ও সামনের বারান্দার একটি গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় দরজার হ্যাজবলও কেটে ফেলা হয়। পরে কার্যালয়ের একটি আলমারি থেকে নগদ টাকা ও ক্রেডিট কার্ড নিয়ে যায় দুর্বৃত্তরা।
কার্যালয়ের নৈশপ্রহরী জুয়েল মিয়া জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তিনি কার্যালয়ের দোতলায় ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ঘুম থেকে উঠে তিনি চুরির বিষয়টি বুঝতে পারেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো, শফিকুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ছাড়া নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনমুন জাহান লিজাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে, চুরির ঘটনায় বিভিন্ন আলামত সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষার জন্য ময়মনসিংহ থেকে সিআইডির বিশেষায়িত ক্রাইম সিন দলের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তাঁরা কার্যালয় থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ জানান, কার্যালয়ের একটি আলমারি থেকে ৪৬ হাজার ১৩০ টাকা ও আইএফআইসি ব্যাংকের একটি ক্রেডিট কার্ড খোয়া গেছে। তবে প্রাথমিকভাবে কোনো সরকারি কাগজপত্র খোয়া যাওয়ার তথ্য পাওয়া যায়নি।
তিনি আরও জানান, কার্যালয়ে সিসিটিভি ক্যামেরা থাকলেও সেটি আগে থেকেই অচল ছিল। ফলে চুরির ঘটনার কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬