হারাধন সূত্রধর, ময়মনসিংহ:
নেত্রকোণার পূর্বধলা উপজেলার ১১ নম্বর গোহালাকান্দা ইউনিয়নের শুভখাই গ্রামে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদক নির্মূলের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২১ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানকে সামনে রেখে শুভখাই মাদক নির্মূল কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন আয়োজক ও বক্তারা।
সমাবেশে বক্তারা বলেন, শুভখাই গ্রামসহ আশপাশের এলাকায় মাদকের বিস্তার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের কুফল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পুলিশ-প্রশাসনের কার্যকর পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
শুভখাই মাদক নির্মূল কমিটি (প্রতিষ্ঠাকাল: ২০২৬)-এর সভাপতি তৌফিক আহমেদ সাগরের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমিটির সহসভাপতি মোস্তাকিম বিল্লাহ, সোহেল তালুকদার, সাদ্দাম হোসেন ফকির ও মো. মিজানুর রহমান; সাধারণ সম্পাদক মো. হক মিয়া; যুগ্ম সাধারণ সম্পাদক রিফাতুল হাসান, রিয়াদুজ্জামান ও রাফিউল ইসলাম; সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোবারক হোসেন এবং সহসাংগঠনিক সম্পাদক খোকন মিয়া ও আদ্রিয়ান নাঈম।
এ ছাড়া উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা হুযাইফা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকির হোসেন ফাহিম।
এলাকাবাসী জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকলে মাদক নির্মূলে জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ আরও জোরদার হবে। তাঁরা মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬