হারাধন সূত্রধর, ময়মনসিংহ:
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ৬৫টি পূজামণ্ডপে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব-২০২৬ এর বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটে।
বিজয়া দশমী উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে ভক্তরা অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বিদায় জানান। এ সময় পূজামণ্ডপগুলোতে আনন্দ, আবেগ ও সম্প্রীতির আবহ সৃষ্টি হয়।
উপজেলার সদর ইউনিয়নের মঙ্গলবাড়িয়া বাজারে প্রতি বছরের মতো এবারও একসঙ্গে একাধিক প্রতিমা বিসর্জনের জন্য প্রস্তুতি নেওয়া হয়। পরে প্রতিমাগুলো পৃথকভাবে বিসর্জন দেওয়া হয়। এ ছাড়া রাজধলা বিল, কংস নদী ও ধলাই নদীসহ উপজেলার বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়।
পূজা উদযাপন পরিষদ, পূর্বধলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র কর বলেন, “পূর্বধলা উপজেলার ৬৬টি পূজামণ্ডপে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। সামগ্রিকভাবে এবারের দুর্গোৎসব আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।”
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম বলেন, উপজেলার ৬৫টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনও জানান, উপজেলার ৬৫টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬