
মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজাসহ মিলি আক্তার (২৬) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন পিলকুনী কলাবাগান পাঠাগার গলির পলাশের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হোসেনের নেতৃত্বে এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে পুলিশের একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।
অভিযানে পিলকুনী কলাবাগান পাঠাগার গলির পলাশের বাড়ির একটি ভাড়াটিয়া ঘর থেকে ৪৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিলি আক্তারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মিলি আক্তার ফরিদপুরের ভাঙ্গা থানার মালি গ্রামের সেলিম হোসেনের মেয়ে। বর্তমানে তিনি ফতুল্লার পিলকুনী কলাবাগান এলাকায় পলাশের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলি আক্তার নিজ বসতঘরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাখার বিষয়টি স্বীকার করেছেন। উদ্ধারকৃত গাঁজা জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬