
থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম বড় মদক এলাকায় প্রসবকালীন জটিলতায় পড়া এক প্রসূতি মা ও নবজাতককে প্রাণে রক্ষা করা হয়েছে। রাতের আঁধারে প্রায় ৭০ কিলোমিটার সাঙ্গু নদীপথ পাড়ি দিয়ে প্রথমে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বান্দরবান জেলা সদরের হাসপাতালে নেওয়া হয় ওই প্রসূতিকে। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রিন হিলের উদ্যোগ ও আর্থিক সহযোগিতায় প্রয়োজনীয় পরিবহনের ব্যবস্থা করা হলে শেষ পর্যন্ত নিরাপদে সন্তান প্রসব করেন তিনি।
গত সোমবার (৯ নভেম্বর) রাতে বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড় মদক প্রুসাঅং কারবারিপাড়ায় এ ঘটনা ঘটে। দুর্গম এ জনপদে নতুন প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালুর উদ্যোগের মধ্যেই ঘটনাটি স্থানীয় মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রসূতি য়ইসিংনু মারমার বয়স ৩২ বছর। তাঁর স্বামী উশৈথোয়াই মারমা। প্রায় ১২ বছর আগে তাঁদের বিয়ে হয়। এর মধ্যে চারটি সন্তান জন্ম দিলেও দুর্ভাগ্যজনকভাবে সব সন্তানকেই হারিয়েছেন তিনি। জন্মের পর তিনটি সন্তান মারা যায়। অপর সন্তানটি পাঁচ থেকে ছয় বছর বয়সে মারা যায়।
গত সোমবার পঞ্চমবারের মতো সন্তানসম্ভবা য়ইসিংনু মারমা নিজ বাড়িতে প্রসবব্যথায় অসুস্থ হয়ে পড়েন। এ সময় গ্রিন হিলের কর্মকর্তা ও দুইজন ধাত্রী (মিডওয়াইফ) সেখানে পৌঁছান। তাঁরা বড় মদক এলাকায় নতুন স্বাস্থ্যসেবা কেন্দ্র চালুর প্রস্তুতির কাজে নিয়োজিত ছিলেন। সন্ধ্যায় প্রসূতিকে পরীক্ষা করে তাঁরা শিশুর অস্বাভাবিক অবস্থান ও প্রসবকালীন জটিলতার বিষয়টি বুঝতে পারেন। এ অবস্থায় মা ও শিশুর নিরাপত্তার স্বার্থে দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
কিন্তু দুর্গম পাহাড়ি এলাকায় রাতের বেলায় সড়ক যোগাযোগ না থাকায় দেখা দেয় চরম অনিশ্চয়তা। পরে কোনো আলোর ব্যবস্থা ছাড়াই ইঞ্জিনচালিত নৌকাকে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করে রাতের অন্ধকারে সাঙ্গু নদীপথে প্রায় ৭০ কিলোমিটার দূরের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তাঁকে। রাত ১টার দিকে সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক ডা. আবদুল্লাহ আল নোমান উন্নত চিকিৎসার জন্য প্রসূতিকে বান্দরবান জেলা সদরের ইমানুয়েল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
এরপর আবারও নৌপথ ও সড়কপথ পাড়ি দিয়ে ভোর ৪টার দিকে বান্দরবান জেলা সদরে পৌঁছান প্রসূতি। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি স্বাভাবিকভাবে পুত্র সন্তান প্রসব করেন। দীর্ঘ পথের ঝুঁকি ও নানা প্রতিকূলতা পেরিয়ে মা ও নবজাতককে হাসপাতালে পৌঁছে চিকিৎসার ব্যবস্থা করায় স্বস্তি ফিরেছে পরিবারে।
স্বামী উশৈথোয়াই মারমা বলেন, প্রসূতিকে বাড়ি থেকে হাসপাতালে নেওয়া, ইঞ্জিনচালিত নৌকা ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা এবং হাসপাতাল-সংশ্লিষ্ট যাবতীয় ব্যয় বহন করেছে গ্রিন হিল। এ জন্য গ্রিন হিলের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
গ্রিন হিলের মোমেন্টাম ইন্টিগ্রেটেড হেলথ রেজিলিয়েন্স প্রকল্পের পরিচালক সাইলুমং মারমা বলেন, বড় মদক এলাকায় নতুন প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালুর প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ১৯ নভেম্বর স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটির উদ্বোধন করবেন। এর মাধ্যমে দুর্গম এ জনপদের গর্ভবতী নারী, প্রসূতি মা ও নবজাতকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গ্রিন হিলের নির্বাহী পরিচালক যতন কুমার দেওয়ান বলেন, কিছুদিন আগে বিভিন্ন গণমাধ্যমে বড় মদক এলাকায় চিকিৎসাসেবার অভাবে প্রসূতি মায়েদের মৃত্যুর ঘটনা নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। দুর্গম এ অঞ্চলের দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা সংকট বিবেচনায় নিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রটি চালু হলে সন্তান প্রসবের সময় জরুরি চিকিৎসার জন্য দুর্গম পাহাড়ি পথ ও নদীপথ পাড়ি দিয়ে দূরের হাসপাতালে যাওয়ার দুর্ভোগ অনেকটাই কমবে। বিশেষ করে প্রসূতি মা ও নবজাতকের জীবন রক্ষায় কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোনো দরিদ্র প্রসূতি মায়ের প্রসবকালীন জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরের প্রয়োজন হলে গ্রিন হিলের পক্ষ থেকে পরিবহনসহ প্রয়োজনীয় ব্যয় বহন করা হবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক সংস্থা জেএসআই রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের কারিগরি সহযোগিতা এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আর্থিক সহায়তায় গ্রিন হিলের মোমেন্টাম ইন্টিগ্রেটেড হেলথ রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় বড় মদক এলাকায় স্বাস্থ্যসেবা কেন্দ্রটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬