
বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের (বিইউপিএফ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ৪নং চরযশোরদী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান জননেতা মোঃ কামরুজ্জামান ফকিরের আকস্মিক ইন্তেকালে গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো. নাজির হোসেন, সিনিয়র সহ সভাপতি এম গফুর উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন মিয়া সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
২৩ জুলাই ২০২৬ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন। ২৪ জুলাই ২০২৬, শুক্রবার, সকাল ১১টায় ফরিদপুরের নগরকান্দা থানার, চাঁদহাট গজারিয়া মোড় হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণ মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ।
আজ এক যৌথ শোক বার্তায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কার্যনির্বাহী কমিটির সকল স্তরের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ বলেন, মোঃ কামরুজ্জামান ফকির ছিলেন একজন আপাদমস্তক গণমুখী, সৎ এবং দূরদর্শী জনপ্রতিনিধি। চরযশোরদী ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার আদায় এবং এলাকার সামগ্রিক উন্নয়নে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি কেবল নিজ ইউনিয়নেরই প্রিয় নেতা ছিলেন না, বরং মাঠপর্যায়ের স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং সারা দেশের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি অত্যন্ত নিষ্ঠা, সততা ও দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করে আসছিলেন। সংগঠনকে সুসংগঠিত ও গতিশীল করতে তার সাংগঠনিক দক্ষতা ও অক্লান্ত পরিশ্রম প্রশংসার দাবিদার।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, মোঃ কামরুজ্জামান ফকিরের মতো একজন দক্ষ সংগঠক ও জনবান্ধব নেতার চলে যাওয়া কেবল ফরিদপুরের নগরকান্দাবাসীর জন্যই নয়, বরং সমগ্র দেশের স্থানীয় সরকার কাঠামোর জন্য এক অপূরণীয় ক্ষতি। তার এই শূন্যতা সহজে পূরণ হবার নয়। সাধারণ মানুষের বিপদে-আপদে তিনি যেভাবে সর্বদা পাশে দাঁড়াতেন, সেই মানবপ্রেম ও সেবামূলক মানসিকতা ভবিষ্যৎ জনপ্রতিনিধিদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যেন মরহুমের সমস্ত নেক আমল কবুল করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একই সাথে তার শোকাতুর পরিবার, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী এবং চরযশোরদী ইউনিয়নবাসী যেন এই কঠিন ও মর্মন্তুদ শোক সহ্য করার ধৈর্য্য ও শক্তি লাভ করেন, সেই প্রার্থনাও করা হয়।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬