
জেসমিন আক্তার মনি, রংপুর:
বদলিজনিত কারণে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন পাওয়ায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে আরপিএমপির পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে তিনি নতুন কর্মস্থলে যোগদানের জন্য দায়িত্বভার অর্পণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মারুফ আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন), উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব সনাতন চক্রবর্তীসহ আরপিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বিদায়ী ভাষণে পুলিশ কমিশনার আবদুল মাবুদ বলেন, "কর্মজীবনে বিভিন্ন প্রতিকূলতা ও চ্যালেঞ্জকে ইতিবাচকভাবে গ্রহণ করে সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করাই আমার নীতি। দায়িত্ব পালনে হতাশ না হয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।"
তিনি বলেন, প্রতিষ্ঠানের স্বার্থকে সর্বাগ্রে রেখে আইন ও বিধি-বিধানের মধ্যে থেকেই প্রত্যেক পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুরোধে আইনবহির্ভূত সিদ্ধান্ত নেওয়া যাবে না। পাশাপাশি পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও পেশাগত ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
অপরাধ দমন প্রসঙ্গে তিনি চাঞ্চল্যকর মাছুয়াপাড়া হত্যাকাণ্ডের উদাহরণ টেনে বলেন, যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনায় দ্রুত তথ্য সংগ্রহ, সঠিক বিশ্লেষণ ও সমন্বিত কার্যক্রম জরুরি। পুলিশ সদস্যদের নিয়মিত আইন, বিধি-বিধান ও সাম্প্রতিক পুলিশিং বিষয়ে অধ্যয়নের আহ্বান জানান তিনি।
কৌশলগত পুলিশিং ও জনসম্পৃক্ততার বিষয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংলাপ ও সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা দৃঢ়তার সঙ্গে বাস্তবায়ন করতে হবে। মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা গ্রহণেরও নির্দেশ দেন তিনি।
বক্তব্যের শেষে তিনি রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে নতুন দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন এবং কর্মকালীন সময়ে কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬