
ঠাকুরগাঁও প্রতিনিধি:
দুই দিনের ঠাকুরগাঁও সফরের দ্বিতীয় দিনে ঠাকুরগাঁও প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রপতির নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রপতি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমকে গণতন্ত্র, সুশাসন এবং ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলে উল্লেখ করেন।
রাষ্ট্রপতি মফস্বলভিত্তিক সাংবাদিকদের তৃণমূল ও প্রান্তিক মানুষের কথা নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান। তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময়কালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ মফস্বল সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও দাবি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। এর মধ্যে ঠাকুরগাঁও প্রেসক্লাব ভবনের সম্প্রসারণ, ফ্যাসিস্ট সরকারের সময় নির্যাতিত স্থানীয় সাংবাদিকদের জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টে পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড গঠনের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়।
সাংবাদিকদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা শুনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের আশ্বস্ত করে বলেন, সাংবাদিকদের অসুবিধা ও দাবিগুলো পূরণে তিনি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবেন।
এ সময় রাষ্ট্রপতি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল ভূমিকার বিষয়েও গুরুত্ব দেন।
মতবিনিময় সভায় রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ এবং ঠাকুরগাঁও প্রেসক্লাবের নির্বাহী পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬