ময়মনসিংহ প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
মঙ্গলবার (৬ অক্টোবর) ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সংশ্লিষ্ট বিষয়ে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এ আশ্বাস দেন।
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।
বক্তব্যে ডিআইজি বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে রেঞ্জের আওতাধীন জেলাগুলোর পুলিশ সুপারদের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের গুজব ও উসকানিমূলক প্রচারণা প্রতিরোধে সার্বক্ষণিক অনলাইন নজরদারি অব্যাহত থাকবে। পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পাশাপাশি সাদাপোশাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও জেলা গোয়েন্দা শাখার (ডিএসবি) সদস্যরাও মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ডিআইজি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে জাতি, ধর্ম, বর্ণ ও পেশানির্বিশেষে সবার সম্মিলিত সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করা সম্ভব। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজাদ জাহান, এসআরবি-১৪, ময়মনসিংহের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. মাসুদ রানা, পিপিএম-সেবা, আনসার ও ভিডিপির উপমহাপরিচালকের কার্যালয়, ময়মনসিংহের পরিচালক মোল্যা আবু সাঈদ, পিভিএমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এ ছাড়া সভায় ময়মনসিংহ বিভাগের বিভাগীয় ও জেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬