
শেরপুর প্রতিনিধি:
‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (১৬ আগস্ট) জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, শেরপুরের আয়োজনে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আসমা বিনতে রফিকসহ জেলা ও উপজেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। এছাড়া মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ, মৎস্য খামারি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মৎস্যজীবীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে মৎস্যসম্পদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। নিরাপদ ও টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন বলেন, দেশের পুষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ ও টেকসই মৎস্য উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি জলাশয় সংরক্ষণ ও দেশীয় মাছের প্রজাতি রক্ষায় আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন সফল মৎস্য খামারিকে পুরস্কৃত করা হয়।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬