
স্টাফ রিপোর্টার, ঢাকা:
দেশে চলমান সার সংকটের স্থায়ী সমাধান, কৃষকদের ন্যায্য ও সময়মতো সার প্রাপ্তি নিশ্চিত করা এবং সারের দাবিতে আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, কৃষক সমিতি ও রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের যৌথ উদ্যোগে মঙ্গলবার বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি এড. হাসনাত কাইয়ুম বলেন, কৃষি উৎপাদনের অন্যতম প্রধান উপকরণ সার। অথচ দেশের বিভিন্ন স্থানে কৃষকরা প্রয়োজনীয় সময়ে পর্যাপ্ত সার পাচ্ছেন না। এতে কৃষকদের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। ন্যায্য দাবিতে আন্দোলনে নামলে তাদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ও হয়রানি অত্যন্ত উদ্বেগজনক।
বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে তিনি বলেন, কৃষকের কণ্ঠরোধ করে সার সংকটের সমাধান করা সম্ভব নয়। কৃষকদের যৌক্তিক দাবি মেনে নিয়ে অবিলম্বে সার সরবরাহ স্বাভাবিক করতে হবে। একই সঙ্গে আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃত কৃষকদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক ছামিউল আলম রাসু বলেন, কুড়িগ্রামে সার লুটের ঘটনায় সম্পূর্ণভাবে ডিলার সিন্ডিকেট দায়ী। ডিলাররা অসাধু উপায়ে বেশি মুনাফার জন্য সার লুকিয়ে রেখে কৃষকদের সরবরাহ করেনি। কৃষকরা বাধ্য হয়েই ফসল বাঁচাতে গুদামে হানা দিয়েছিল। অথচ তাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।
মানবন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ৫ দফা দাবি জানানো হয়:
1. কৃষকদের জন্য পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা
2. সার সংকটের কারণ অনুসন্ধান করে কার্যকর ব্যবস্থা গ্রহণ
3. সিন্ডিকেট ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া
4. কৃষকদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার
5. কৃষকদের ওপর সব ধরনের হয়রানি বন্ধ
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কৃষক সমিতির আহ্বায়ক চাষী মাসুম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সহ-সভাপতি হাবিবুর রহমান রাজা, সাংবাদিক অলোক চৌধুরী, রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল, জেডিপি’র প্রধান সমন্বয়ক আহসান উল্লাহ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬