আবুল কাশেম রুমন, সিলেট:
সিলেটে হামে মৃত্যু ছাড়িয়েছে ২০০। গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে ৩ শিশু। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকালের মধ্যে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে এই তিন শিশুর মৃত্যু হয়।
মারা যাওয়া শিশুদের মধ্যে এক বছর বয়সী আব্দুল্লাহ আল সাফওয়ান সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা শহীদুল ইসলামের ছেলে, নয় মাস বয়সী জিসান আহমেদ একই জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা মকবুল হোসাইনের ছেলে এবং অপরজন তিন মাস ২৪ দিন বয়সী জায়ান হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা মিজানুর রহমানের ছেলে। চিকিৎসকরা জানান, তারা অপুষ্টিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিল।
এদিকে হাম পরিস্থিতি নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৪৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় ৯৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে জানানো হয়, সিলেটে এখন পর্যন্ত প্রাণ হারানো ২০০ জনের মধ্যে ১০ জনের ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল। বাকিদের হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।
এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ১ হাজার ১১৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
চিকিৎসকরা জানান, হাম উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের বেশির ভাগেরই টিকা দেওয়া হয়নি। পাশাপাশি পুষ্টিহীনতা, হৃদরোগ, নিউমোনিয়া, জন্ডিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিল তারা।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬