ডিমলায় প্রতিবন্ধী ও অসচ্ছলদের পাশে জেলা প্রশাসন: হুইলচেয়ার পেয়ে আবেগে কাঁদলেন সাবিহা
- Update Time : ১১:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / 14

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী
দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতার কারণে অন্যের সহায়তা ছাড়া চলাফেরা করতে পারতেন না নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের দোহলপাড়া গ্রামের সাবিহা বেগম। অর্থাভাবে একটি হুইলচেয়ার কেনার সামর্থ্য না থাকায় বছরের পর বছর কষ্টে দিন কাটছিল তাঁর। অবশেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি হুইলচেয়ার হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
হুইলচেয়ারে বসেই অশ্রুসিক্ত কণ্ঠে সাবিহা বলেন, “আল্লাহ ওনার ভালো করুক। এই চেয়ারটা পেয়ে এখন নিজের মতো চলাফেরা করতে পারব। অনেক দিনের কষ্ট দূর হলো।”
মঙ্গলবার (১৪ জুলাই) ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান উপজেলার ২২ জন শারীরিক প্রতিবন্ধীর হাতে হুইলচেয়ার তুলে দেন। একই অনুষ্ঠানে ৯ জন উপকারভোগীর মাঝে নগদ অনুদানের চেক এবং ১১ জন অসচ্ছল প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে সরকার ও জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করা হবে, যাতে পিছিয়ে পড়া মানুষ স্বাবলম্বী হয়ে সমাজে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা আমির মাওলানা মজিবুর রহমান, ডিমলা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু তালেবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়, ক্লিনিক ও কৃষি প্রদর্শনী প্লট পরিদর্শন
এর আগে জেলা প্রশাসক ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, পানির বোতল, টিফিন বক্স, শিক্ষা উপকরণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে একটি জলপাই গাছের চারা রোপণ করেন।
পরে মাঝিপাড়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে স্বাস্থ্যসেবার সার্বিক কার্যক্রম খোঁজখবর নেন। সেখানে ক্লিনিকের জন্য একটি রক্তচাপ মাপার যন্ত্র, ওজন মাপার মেশিন এবং ডায়াবেটিস পরীক্ষার মেশিন প্রদান করেন।
সফরের অংশ হিসেবে তিনি সদর ইউনিয়নের কুটিপাড়া গ্রামে ‘উত্তম কৃষি চর্চা’ (জিএপি) অনুসরণে বাস্তবায়িত একটি প্রদর্শনী প্লট পরিদর্শন করেন। কৃষি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
দিনের শেষ কর্মসূচিতে জেলা প্রশাসক ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের জন্য বেঞ্চ, ক্রিকেট ব্যাট-বল, ফুটবল, ভলিবলসহ বিভিন্ন ক্রীড়াসামগ্রী বিতরণ এবং ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন প্রদান করেন। এছাড়া বিদ্যালয়ে দ্রুত একটি আধুনিক ডিজিটাল স্ক্রিন সরবরাহের আশ্বাস দেন।



















