জগন্নাথপুরে ৫ পুলিশ সদস্যকে আহত করে আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় পুলিশ এসল্ট মামলা ॥ গ্রেফতার-৭

স্টাফ রিপোর্টার :
জগন্নাথপুরে গাড়ি পুড়ানো মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে পুলিশ গ্রেফতারের পর আসামী পক্ষের লোকজন কর্তৃক পুলিশকে আহত করে হাতকড়া পরিহিত অবস্থায় আসামীকে ছিনিয়ে নেয়ার ঘটনায় পুলিশ এসল্ট মামলায় ৭জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর কালনীরচর গ্রামে এ ঘটনাটি সংঘঠিত হয়েছে। গাড়ি পুড়ানো মামলায় ছিনিয়ে নেয়া ওয়ারেন্টভুক্ত আসামী সাবজুল মিয়া(২৫) উত্তর কালনীরচর গ্রামের আছদ্দর আলীর ছেলে এবং আশারকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য শওকত আলীর ভাই। ছিনিয়ে নেয়া আসামী সাবজুল মিয়ার পক্ষের লোকজনদের অতর্কিত হামলায় জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এস আই) আফছার আহম্মেদ, উপ-পরিদর্শক (এস আই) অনুজ কুমার দাশ, উপ-পরিদর্শক (এস আই) অনিক দেব সহ ৫পুলিশ সদস্য আহত হন। এদের মধ্যে গুরুতর আহত উপ-পরিদর্শক (এস আই) আফছার আহম্মেদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি আঘাতের কারনে আফছার আহম্মেদের অবস্থা আশংকাজনক বলে পুলিশ সূত্রে জানাগেছে। আসামী ছিনিয়ে নেয়ার ঘটনা এবং ৫ পুলিশ সদস্য আহত হওয়ার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহবুবুল হাসান চৌধুরী ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ফোর্স কালনীরচর গ্রামে পৌছে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করেন এবং অভিযান চালিয়ে হামলার সাথে জড়িত উত্তর কালনীরচর গ্রামের মৃত সোনাই মিয়ার ছেলে আলা মিয়া (৪৫), ইয়াদ উদ্দিনের ছেলে শাহ আলম (২৫), সুরুজ মিয়ার ছেলে লিটন মিয়া (৪৫), মৃত বিরাম উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (২৮), ইছকন্দর আলীর ছেলে নজরুল ইসলাম (৪০), শওকত মিয়ার স্ত্রী লাভলী বেগম (২৮) ও মোবারক হোসেন মেন্দির স্ত্রী হেনা বেগমকে (৩৮) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পুলিশের ওপর হামলার সাথে জড়িত ইউপি সদস্য শওকত মিয়ার পক্ষের লোকজন বলে এলাকাবাসী সূত্রে জানাগেছে। এদিকে পুলিশ সদস্যদের আহত করে আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় আহত পুলিশের উপ-পরিদর্শক এস আই অনুজ কুমার দেব বাদি হয়ে উত্তর কালনীরচর গ্রামের ৩৯জনের নাম উল্লেখ করে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উত্তর কালনীরচর গ্রামের একটি মটরসাইকেল পুড়ানোর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আছদ্দর আলীর ছেলে সাবজুল মিয়াকে থানার উপ-পরিদর্শক (এস আই ) আফছার আহম্মেদের নেতৃত্বে পুলিশদল বৃহস্পতিবার সন্ধ্যা অনুমান ৭টায় উত্তর কালনীরচর গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন। আসামী সাবজুল মিয়াকে হাতকড়া পড়িয়ে নোহা গাড়ি যোগে পুলিশ থানায় নিয়ে আসার পথে উত্তর কালনীরচর পুরানবাজার এলাকায় পৌছামাত্র কালনীরচর-বেগমপুর মূল সড়কের ওপর আসামী সাবজুল মিয়ার লোকজন পুলিশের ব্যবহৃত নোহা গাড়িটি গতিরোধ করে পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজ করে পুলিশের ওপর চড়াও হয়। একপর্যায়ে হামলাকারীরা দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে পুলিশকে বেধরক মারধর করে গ্রেফতারকৃত আসামী সাবজুল মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পুলিশের ওপর হামলা চালিয়ে আহত করে আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার (৬ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *