দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স
- Update Time : ০৬:১৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 18

জেসমিন আক্তার মনি, রংপুর
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।
হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী বলেন, রোগীদের চিকিৎসাসেবা নিতে গিয়ে কোনো ধরনের হয়রানি কিংবা দালাল চক্রের দৌরাত্ম্য সহ্য করা হবে না। এ বিষয়ে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেন তিনি।
মন্ত্রী চিকিৎসকদের উদ্দেশে বলেন, আন্তরিকতা ও মানবিকতার সঙ্গে রোগীদের সেবা দিতে হবে। অসুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তারা মানুষ হিসেবে যথাযথ চিকিৎসাসেবা পাওয়ার অধিকার রাখেন। কেউ রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাসপাতালের সেবায় হস্তক্ষেপ বা বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় হাসপাতালের অব্যবহৃত ও সম্পূর্ণ অকেজো যন্ত্রপাতি নিলামের মাধ্যমে বিক্রির উদ্যোগ নেওয়ার কথা জানান মন্ত্রী। পাশাপাশি চিকিৎসাসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় জনবল বাড়ানোর উদ্যোগ এবং হাসপাতালের দখল হয়ে যাওয়া জমি উচ্ছেদ করে উদ্ধারের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
পরে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল), সংরক্ষিত নারী সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।



















