ভুয়া সাংবাদিক আটক
- Update Time : ১১:৫৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 12

জ্যোতি বাছাড়, খুলনা:
খুলনার দাকোপ উপজেলায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের উপজেলা প্রতিনিধি পরিচয় দিয়ে কার্যক্রম পরিচালনার অভিযোগে শহিদুল পাড় নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড), পরিচয় ফিতা (ল্যানইয়ার্ড) এবং সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের লোগোসংবলিত একটি বুম উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার ডাকবাংলো মোড় এলাকা থেকে দাকোপ থানা পুলিশ ও সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের খুলনা বিভাগীয় প্রতিনিধির যৌথ উদ্যোগে তাকে আটক করা হয়।
আটক শহিদুল পাড় দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নের জয়নগর এলাকার ইসমাইল পাড়ের ছেলে।
সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের খুলনা বিভাগীয় প্রতিনিধি শিশির মল্লিক জানান, শহিদুল নিজেকে দাকোপ উপজেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে নিজের তৈরি একটি ভুয়া আইডি কার্ড ও বুম ব্যবহার করে বিভিন্ন স্থানে পরিচয় দিচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে তারা প্রায় এক সপ্তাহ ধরে তার গতিবিধি পর্যবেক্ষণ করেন। পরে সোমবার সকালে দাকোপ থানা পুলিশের সহায়তায় তাকে হাতেনাতে আটক করা হয়।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গলায় ভুয়া আইডি কার্ড ও হাতে সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের লোগোসংবলিত বুমসহ ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের খুলনা বিভাগীয় প্রতিনিধি বাদী হয়ে দাকোপ থানায় একটি মামলা দায়ের করেছেন। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।



















