শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, ৯৯ জন পেলেন আর্থিক সহায়তা
- Update Time : ১১:২০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 10
হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
জনসাধারণের নাগরিক সমস্যা সরাসরি শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলনকক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। সরকারি কাজে জেলা প্রশাসক বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহে অবস্থান করায় তাঁর পক্ষে গণশুনানি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ।
গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সেবাপ্রার্থীরা চিকিৎসা সহায়তা, আর্থিক অসচ্ছলতা, শিক্ষা, বাসস্থান, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা, ভূমি-সংক্রান্ত সমস্যা এবং বিভিন্ন নাগরিক সেবা বিষয়ে তাঁদের আবেদন ও অভিযোগ তুলে ধরেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং সমস্যার ধরন অনুযায়ী তাৎক্ষণিক সহায়তা, প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
গণশুনানিতে মোট ১২৪ জন সেবাপ্রার্থী অংশ নেন। তাঁদের মধ্যে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে ৯৯ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ ছাড়া একজনকে হুইলচেয়ার কেনার জন্য এবং অন্য একজনকে ওষুধ কেনার জন্য সহায়তা দেওয়া হয়। অবশিষ্ট সেবাপ্রার্থীদের উত্থাপিত সমস্যাগুলো যথাযথভাবে সমাধানের লক্ষ্যে তাঁদের আবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়।
জনসাধারণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, নাগরিকদের সমস্যা সরাসরি শোনা এবং দ্রুত প্রতিকারের উদ্যোগ গ্রহণের অংশ হিসেবে জেলা প্রশাসন, শেরপুরের এ ধরনের গণশুনানি কার্যক্রম অব্যাহত রয়েছে।










