ড. হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- Update Time : ০৩:৫৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 12
হারাধন সূত্রধর, ময়মনসিংহ:
বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র, জনপ্রিয় কথাসাহিত্যিক ও নন্দিত লেখক ড. হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যান প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খান, নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা এবং কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে ড. হুমায়ূন আহমেদের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁর কালজয়ী সাহিত্যকর্ম, সৃষ্টিশীলতা এবং বাংলা সাহিত্যে অনন্য অবস্থান নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে তাঁর সাহিত্যকর্ম ও সৃষ্টিশীল চিন্তাধারা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

















