অপরাধ প্রতিরোধে প্রযুক্তিনির্ভর নজরদারি চান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- Update Time : ০৫:৪৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 24
স্টাফ রিপোর্টার, ঢাকা:
অপরাধ সংঘটনের পর ব্যবস্থা গ্রহণের পরিবর্তে প্রযুক্তির কার্যকর ব্যবহার, পরিকল্পিত নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।
শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে একটি কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর ও ঢাকা-১৩ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, সিসিটিভি নজরদারি এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকাকে নিরাপদ, সুশৃঙ্খল ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে উচ্চক্ষমতাসম্পন্ন সিসিটিভি নজরদারি নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। বর্তমানে ১৫টি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে মোট ৮০টি উচ্চ রেজল্যুশন ও জুম সুবিধাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বসিলা চৌরাস্তা, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, আসাদগেটসহ গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থল এই নজরদারি নেটওয়ার্কের আওতায় রয়েছে।
তিনি বলেন, কোন এলাকায় অপরাধের প্রবণতা বেশি, কোথায় অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে—সেসব বিষয় চিহ্নিত করতে সংশ্লিষ্ট থানা পুলিশের সহযোগিতায় অপরাধপ্রবণ স্থানগুলোর তালিকা তৈরি করা হয়েছে। মোহাম্মদপুর, আদাবর ও আশপাশের থানা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এসব স্থানে ক্যামেরা স্থাপন করা হয়েছে। জেনেভা ক্যাম্পের প্রবেশপথগুলোতেও বিশেষায়িত গোপন ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জুলাই স্মৃতি জাদুঘরে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সহায়তা পেয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, এই নজরদারি ব্যবস্থার আওতা আরও সম্প্রসারণ করা হবে। এ লক্ষ্যে ঢাকা-১৩ সংসদীয় এলাকাকে ৭০টি মহল্লায় ভাগ করে মহল্লাভিত্তিক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। মসজিদ ও মন্দির কমিটি, মার্কেট কমিটি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের এসব কমিটিতে সম্পৃক্ত করা হবে।
সিসিটিভি ক্যামেরার ফুটেজ সবার জন্য উন্মুক্ত করা হবে না জানিয়ে তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট থানা, ট্রাফিক বিভাগ এবং দায়িত্বপ্রাপ্ত মহল্লা কমিটির নির্ধারিত প্রতিনিধিরাই প্রয়োজন অনুযায়ী এসব ফুটেজ ব্যবহারের সুযোগ পাবেন।
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বিপুলসংখ্যক ক্যামেরার ফুটেজ একসঙ্গে পর্যবেক্ষণ করা পুলিশের জন্য কঠিন হয়ে উঠতে পারে। এ কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক কর্মকাণ্ড দ্রুত শনাক্ত করে সংশ্লিষ্ট থানায় সতর্কবার্তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা গড়ে তোলা হবে।
মোহাম্মদপুর ও ঢাকা-১৩ এলাকায় ছিনতাই নিয়ন্ত্রণে অগ্রগতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সমন্বিত সিসিটিভি নজরদারি, পর্যাপ্ত সড়কবাতি স্থাপন এবং পুলিশের নিয়মিত তৎপরতার ফলে কয়েকটি অপরাধপ্রবণ স্থানে ছিনতাইয়ের ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে।
আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, শিয়া মসজিদ, আসাদগেট এবং ধানমন্ডি ২৭ নম্বর আই হসপিটাল সংলগ্ন গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু রয়েছে। আগামী দুই মাসের মধ্যে ডিআরএমসি স্কুলের পশ্চিম গেট, নূরজাহান রোড এবং শম্পা মার্কেটের প্রবেশপথসহ আরও তিনটি গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক ট্রাফিক নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে।
কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অপরাধ সংঘটনের পর অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি অপরাধ সৃষ্টির সামাজিক ও অর্থনৈতিক কারণগুলোও দূর করতে হবে। তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং নতুন ব্যবসায়িক উদ্যোগের সুযোগ সৃষ্টি করা জরুরি।
তিনি বলেন, আমাদের অঙ্গীকার, নিরাপদ মোহাম্মদপুর, সুশৃঙ্খল ঢাকা-১৩। নাগরিকের নিরাপত্তা ও স্বস্তিই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
প্রেস ব্রিফিংয়ে ডিএমপির ট্রাফিক-তেজগাঁও বিভাগ, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিনিধিসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

















