স্টাফ রিপাের্টার::
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় সৈয়দ ফজলুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত।
এসময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায় , আজ শুক্রবার সৈয়দপুর গ্রামের বাসিন্দা সৈয়দ ফজলুর রহমান তার মেয়েকে লন্ডন প্রবাসী এক ছেলের সাথে বিয়ের আয়োজন করেন। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবং উদ্ভূত পরিস্থিতিতে সরকারি নির্দেশনায় গণবিজ্ঞপ্তিতে গণজমায়েত সহ বেশ কয়েকটি সতর্কতা মূলক প্রচার প্রচারণা চলমান রয়েছে।
বিয়ের অনুষ্ঠানে গণজমায়েত হওয়ার খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত সহ সেনাবাহিনী ও পুলিশের একটি দল সৈয়দপুর গ্রামে উপস্থিত হন। বিয়ে বাড়িতে গণজমায়ের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত সৈয়দ ফজলুর রহমানকে দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক অবহেলাজনিত কার্যদার দ্বারা জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ বিস্তার লাভের সম্ভাবনা রয়েছে এমন অপরাধ প্রমাণ পাওয়ায় তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত।
ভবিষ্যতে সরকারি নির্দেশনা অমান্য করে এমন কাজ করবেন না মর্মে সৈয়দ ফজলুর রহমান মুচলেকা/অঙ্গীকারনামা এবং জরিমানার ১০ হাজার টাকা প্রদান করেন। এছাড়াও আজ শুক্রবার জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত ,সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে উপজেলার সৈয়দপুর,শাহারপাড়া , ভবের বাজার এবং পৌর শহরের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবং উদ্ভূত পরিস্থিতিতে জনসাধারণের মধ্যে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম চালানো হয়।