স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ – হলিকোণা ভায়া গোপড়াপুর বাজার সড়কের ৩ কিলোমিটার সড়ক যাতায়াতে অনুপযোগী হওয়ায় নলুয়া প্রবাসী সংঘের অর্থায়নে এবং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়ার সহযোগিতায় মাটি ভরাট কাজের উদ্যোগ নেয়া হয়।
গত ২৪ জুন দুপুরে সড়কটির চিলাউড়া হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী এলাকায় মাটি ভরাট কাজের উদ্বোধনকালে স্বজনশ্রী , বাউধরণ , মইশাকোণা ,গোপরাপুর, সালদিঘা, খাগাউড়া গ্রাম সহ আশপাশ এলাকার শতাধিক লোকজন সেখানে উপস্থিত হন।
উদ্বোধনের পূর্বে আব্বাছ মিয়া নামের এক ব্যাক্তি উত্তেজিত হয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়ার সাথে অশালিন আচরণ করেন।
অশালিন আচরণ এবং ফেসবুক আইডিতে কুরুচিপূর্ন প্রচারণার ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া শনিবার ২৭ জুন জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানা পুলিশ পরদিন রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেন। চেয়ারম্যান আরশ মিয়া কর্তৃক জগন্নাথপুর থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন,
গত ২৪ জুন চিলাউড়া হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী গ্রাম থেকে প্রায় ৩কিলোমিটার সড়কের মাটি ভরাট কাজের জন্য নলুয়া প্রবাসী সংঘের উদ্যোগ নেয়া হয়। উক্ত সড়কের মাটি ভরাট কাজের জন্য এলাকাবাসী আমার কাছে অর্থ সহায়তা চাইলে আমি আমার ব্যাক্তিগত তহবিল থেকে অর্থ প্রদানের আশ্বাস দেই ।
অভিযোগে উল্লেখ করা হয় সড়কের মাটি ভরাট কাজের উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হলে আমি সেখানে উপস্থিত হই। এসময় বাউধরন গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান প্রতাপ ও স্বজনশ্রী গ্রামের আব্বাছ মিয়া আমাকে দেখে উত্তেজিত হয়ে গালিগালাজ শুরু করেন।
এক পর্যায়ে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। লিখিত অভিযোগে আরো উল্লেখ করেন, পরদিন ২৫ জুন হাফিজুর রহমান প্রতাপ ও প্রবাসী মুজিবুর রহমানের স্বজনরা ফেসবুক আইডি থেকে আমাকে ও আমার পরিবারের বিরুদ্ধে কুরুচিপূর্ন ও অশালীন মন্তব্য করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রচারণা চালায়।
এদিকে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান আরশ মিয়া জানান, আমি যুক্তরাজ্য প্রবাসী হলেও দীর্ঘদিন ধরে জনগণের কল্যাণে কাজ করতে নিজ এলাকায় বসবাস করে আসছি । এছাড়াও টানা দ্বিতীয় বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নবাসীর উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। একটি কুচক্রী মহল আমার সাথে খারাপ ব্যবহার করেছে। এবং আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
আমি এ ঘটনার সুবিচার প্রত্যাশায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।