স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌর শহরে বৈঠাখালী সেতু এলাকায় বিদ্যুৎতায়িত হয়ে পানিতে পড়ে নিখোঁজ হওয়ার ৩০ ঘন্টা পেরিয়ে গেলেও নিখোঁজ নৌশ্রমিক আলী হোসেন এর সন্ধান পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার কার্যক্রম শেষ করেছেন। তবে খালের প্রবল স্রোত আর বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটে । ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়াসির আরাফাত জানান, স্থানীয় ভাবে এবং প্রশাসনিক ভাবে উদ্ধার তৎপরতা চলমান রয়েছে । আজ মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় নিখোঁজ নৌ শ্রমিকের পরিবারের সদস্যদের শান্তনা জানান। এসময় উপজেলা কৃষক লীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায় ,সোমবার বিকেলে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরীফপুর গ্রাম থেকে জগন্নাথপুর পৌর এলাকার পশ্চিম ভবানীপুরের আব্দুল হান্নানের বাড়িতে ইট নিয়ে আসেন আছির উদ্দিন। ইট বিক্রি করে বিকেল সাড়ে চারটার দিকে বাড়ি ফেরার পথে পশ্চিম ভবানীপুর বৈঠাকালি এলাকার সেতুর ওপর দিয়ে বিদ্যুতের তারে নৌকার লগি লেগে তিনজন শ্রমিক নৌকা থেকে পানিতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে দুই জন শ্রমিক পাড়ে উঠতে পারলেও দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরিফপুর গ্রামের গৌছ আলীর ছেলে নৌশ্রমিক আলী হোসেন নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও জগন্নাথপুর ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজ শ্রমিক কে উদ্ধারে চেষ্টা চালায়। পরে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ চালায়।
ইট বিক্রেতা শরিফপুর গ্রামের আছির উদ্দিন জানান, ছয়জন শ্রমিক নিয়ে তিনি ইট বিক্রি করতে এসেছিলেন।ফেরার পথে বিদ্যুতের তারে স্টীলের নৌকায় বিদ্যুৎতায়িত হয়ে তিনজন শ্রমিক নৌকা থেকে পানিতে পড়ে যায়। দুই জন পাড়ে উঠতে পারলেও একজন নিখোঁজ রয়েছেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান,নিখোঁজ নৌশ্রমিকের উদ্ধারে কাজ চলছে।