স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে বিদ্যুৎতায়িত হয়ে পানিতে পড়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর নৌশ্রমিক আলী হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ( ২২ জুলাই) সকাল ১০টায় পৌর এলাকার ভবানীপুর বৈঠাখালি সেতু এলাকার খালে নৌশ্রমিক আলী হোসেনের মৃতদেহ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করেন। নিহত নৌশ্রমিক আলী হোসেন (১৮) দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরীফপুর গ্রামের গৌছ মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ( ২০ জুলাই) দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরীফপুর গ্রাম থেকে জগন্নাথপুর পৌর এলাকার পশ্চিম ভবানীপুরের আব্দুল হান্নানের বাড়িতে ইট নিয়ে আসেন নিহত নৌশ্রমিক আলী হোসেন সহ ৬জন। ইট বিক্রি করে ওই দিন বিকেল সাড়ে চারটায় বাড়ি ফেরার পথে জগন্নাথপুর পৌর শহরের পশ্চিম ভবানীপুর বৈঠাখালি এলাকার সেতুর ওপর দিয়ে বহমান বিদ্যুতের তারে নৌকাটি বিদ্যুতায়িত হয়।
এসময় নৌকায় থাকা তিনজন শ্রমিক পানিতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে দুই শ্রমিক খালের তীরে উঠলেও ওপর শ্রমিক আলী হোসেন নিখোঁজ হন। খবর পেয়ে ভারপ্রাপ্ত ইউএনও মো: ইয়াসির আরাফাত, থাানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ সহ জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দূর্ঘটনাস্থলে ছুটে যান।
স্থানীয় লোকজন সহ ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে উদ্ধার কাজ সন্ধ্যা পর্যন্ত চলে । পরদিন মঙ্গলবার সকাল থেকে সিলেট থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নেন। দিনভর চেষ্টা চালিয়ে উদ্ধারে ব্যর্থ হন। আজ বুধবার (২২ জুলাই) সকালে দূর্ঘটনাস্থলের এলাকায় খালের পানিতে নিখোঁজ শ্রমিকের লাশ ভেসে উঠলে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন । পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন ।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিক আহমদ জানান, লাশ উদ্ধারের পর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে নৌশ্রমিকের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।