খুলনা আর্ট একাডেমি পরিদর্শনে ভয়েজ অব টাইগারের সাংবাদিকরা
- Update Time : ০৯:৩৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / 15

বিশেষ প্রতিনিধি:
শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যচর্চার প্রতিষ্ঠান খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করেছেন দৈনিক ভয়েজ অব টাইগার-এর স্টাফ রিপোর্টার এস এম রোহান ও সংবাদকর্মী শাফায়েত হোসেন শাওন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) তাঁরা নগরীর ৩৬ আয়েশা কটেজে অবস্থিত খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালা ও চলমান শিল্প কার্যক্রম পরিদর্শন করেন।পরিদর্শনকালে খুলনা আর্ট একাডেমিতে চারুকলা ভর্তি কোচিংয়ের ১৭তম ব্যাচের ক্লাস চলছিল। এ সময় শিক্ষার্থী চৈতি দাস, তপু মল্লিক ও তৃষা জোয়াদ্দারকে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস এবং তাঁদের শিল্পচর্চা ও শিক্ষাজীবনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। পরিচয় শেষে অতিথিদের আগমনকে আরও আনন্দময় করে তুলতে ১৭তম ব্যাচের শিক্ষার্থী চৈতি দাস একটি রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। তাঁর পরিবেশনা উপস্থিত সাংবাদিকদের মুগ্ধ করে এবং তাঁরা চৈতির গানটির প্রশংসা করেন।পরে সাংবাদিকরা খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালা ঘুরে দেখেন। সেখানে সংরক্ষিত বিভিন্ন পুরোনো ও বিলুপ্তপ্রায় ব্যবহার্য সামগ্রী, সাংস্কৃতিক নিদর্শন এবং ঐতিহাসিক উপকরণ সম্পর্কে তাদেরকে বিস্তারিত জানানো হয়। সংরক্ষণশালার কার্যক্রম ও একাডেমির শিল্প-সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে তাঁরা আগ্রহ প্রকাশ করেন এবং এ নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করেন।খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস সাংবাদিকদের স্বাগত জানিয়ে বলেন, সাংবাদিক সমাজের সহযোগিতা ও উৎসাহ শিল্প-সংস্কৃতির চর্চা এবং ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগকে মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁদের এই সৌজন্যমূলক আগমন একাডেমি পরিবারের জন্য আনন্দ ও অনুপ্রেরণার।তিনি আরও বলেন, শিল্প ও সাংবাদিকতা দুটি ভিন্ন সৃজনশীল ক্ষেত্র হলেও মানুষের হৃদয়, সমাজ ও দেশকে আলোকিত করার ক্ষেত্রে উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সত্য, মানবতা ও মানুষের কল্যাণের পক্ষে সাংবাদিকতার ইতিবাচক ভূমিকার প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান।
চিত্রশিল্পী মিলন বিশ্বাস দৈনিক ভয়েজ অব টাইগার-এর স্টাফ রিপোর্টার এস এম রোহান ও সংবাদকর্মী শাফায়েত হোসেন শাওনকে খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করা সকল সাংবাদিক ও সংবাদকর্মীর সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য, সাফল্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।প্রতিষ্ঠালগ্ন থেকেই সাংবাদিক সমাজের সহযোগিতা, উৎসাহ ও অনুপ্রেরণা খুলনা আর্ট একাডেমির পথচলাকে সমৃদ্ধ করেছে বলে জানান তিনি। সংবাদমাধ্যমে একাডেমির শিল্পচর্চা, শিশু-কিশোরদের চারুকলা শিক্ষা, ঐতিহ্য সংরক্ষণশালা ও সাংস্কৃতিক কার্যক্রম তুলে ধরার মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে এসব উদ্যোগ পৌঁছে যাচ্ছে।এ সময় খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়, তাঁদের প্রতিটি আগমন ও ইতিবাচক সংবাদ পরিবেশনা শিল্প-সংস্কৃতির বিকাশে নতুন প্রেরণা সৃষ্টি করে।“সত্য ও মানবতার পথে সাংবাদিকতা হোক দেশগঠনের অন্যতম শক্তি।”


















