থানচিতে অংহ্লা পাড়া স্কুল পরিদর্শনে শিক্ষা অফিসার
- Update Time : ০৯:৪৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / 10

কাইথাং খুমী, থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের থানচি উপজেলার একমাত্র বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অংহ্লা খুমী পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন নবনিযুক্ত উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সোনা মিত্র চাকমা। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটিকে সামনে এগিয়ে নিতে পরিচালনা কমিটির সাথে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিদ্যালয়ের ২য় কার্যনির্বাহী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। নবনিযুক্ত হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম পরিদর্শন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের মেম্বার লুথাং খুমী ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের সমন্বয়ক বিদ্যা পূপ চাকমা।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, শৃঙ্খলা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বারোপ করেন।
পরে তিনি শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে পৃথকভাবে মতবিনিময় করেন। শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি তার সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় তিনি বলেন, “উচ্চশিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ হিসেবে এই প্রতিষ্ঠান পরিচিত হবে। এখান থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ।”
তিনি আরও বলেন, “একটি স্কুলের সাফল্য শুধু পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে না। একজন শিক্ষার্থীকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তাকে জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিকতার শিক্ষাও দিতে হবে।”
সঠিক পরিকল্পনা, নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিকতা এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার পরিবেশ আরও উন্নত করার ওপর জোর দেন তিনি।
তিনি বলেন, এই স্কুলটি শুধু শিক্ষক-শিক্ষার্থীদের নয়, এটি এলাকার মানুষেরও প্রতিষ্ঠান। তাই এর সুনাম ধরে রাখতে অভিভাবক ও স্থানীয় সুধীজনদের সর্বাত্মক সহযোগিতা অনিবার্য। সম্মিলিত উদ্যোগেই এই শিক্ষা প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।



















