সুনামগঞ্জে বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত
- Update Time : ০৪:২১:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 12
সুনামগঞ্জ প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে এক আলোচনা সভায় মিলিত হয়।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য সচিব অ্যাড. মো. আব্দুল হক, মো. আকবর আলী, নাদীর আহমদ, মো. রেজাউল হক, আ ত ম মিসবাহ, অ্যাড. শেরেনুর আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমীন, সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ কয়েছ, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক কালারাচাঁন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু, সদস্য সচিব অ্যাড. দীপংকর বণিক সুজিত, পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভ প্রমুখ।
বক্তারা বলেন, ৭ই নভেম্বর কেবল অতীতের কোনো স্মরণের দিন নয়। এটি গণতন্ত্র, অধিকার ও জাতীয় ঐক্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন। এছাড়া বক্তারা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তারা আরও বলেন, বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখে অনেকেই আবোল-তাবোল বকছেন। ওদের ব্যাপারে সকল নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রেখে যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত থাকার আহ্বান জানান বক্তারা।














