ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
- Update Time : ০৭:১১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / 10

নিজস্ব প্রতিবেদক:
সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদারের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগামী ১৮ আগস্ট থেকে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর “অটো ফাইন সিস্টেম” চালু করতে যাচ্ছে হাইওয়ে পুলিশ।
হাইওয়ে পুলিশ জানায়, ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কার্যকর, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবেই এই উদ্যোগ। নতুন এই পদ্ধতিতে নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, উল্টোপথে যানবাহন চালনাসহ অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে।
এজন্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অত্যাধুনিক এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। ক্যামেরার মাধ্যমে আইন অমান্যকারী যানবাহন শনাক্ত হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে ওই যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে।
এসএমএস পাওয়ার পর যানবাহনের মালিক বিকাশ, নগদসহ যেকোনো মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে নির্ধারিত জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন। এতে মামলা সংক্রান্ত হয়রানি কমবে এবং জরিমানা আদায় প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে।
হাইওয়ে পুলিশের দাবি, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার ফলে মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত, তথ্য সংরক্ষণ এবং জরিমানা আদায়ের কার্যক্রম আরও দ্রুত ও নির্ভুল হবে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি, যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সড়ক দুর্ঘটনা হ্রাসেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ যাত্রী সাধারণ, পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দসহ সকল অংশীজনের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।



















