বিজিবির রাতভর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ১
- Update Time : ১১:৪৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / 14

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক তিনটি অভিযান চালিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি। গত ২৮ আগস্ট ২০২৬ তারিখ রাতভর পরিচালিত এসব অভিযানে ৫০২ বোতল ভারতীয় এস্কুফ সিরাপ, ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ জনকে আটক করা হয়।
সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৪ থেকে প্রায় ২ কিলোমিটার ভেতরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় ৩১০ বোতল ভারতীয় এস্কুফ সিরাপ, ১টি সিএনজি ও ১টি মোবাইল ফোনসহ মো. মামুনুর রশীদ ১৯ নামের এক চোরাকারবারিকে আটক করা হয়। তার বাড়ি শিবগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকায়। অভিযানের সময় আরও ৪ জন পালিয়ে যায়।
চাঁনশিকারী বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ২০০ থেকে প্রায় ৩০ গজ অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের হোসেন ভিটা গ্রামের গফুর মিয়ার আমবাগানে অভিযান চালায়। এখান থেকে মালিকবিহীন ১৪ বোতল ভারতীয় এস্কুফ সিরাপ জব্দ করা হয়।
তেলকুপি বিওপির টহল দল সীমান্ত পিলার ১৮০/২-এস থেকে প্রায় আড়াই কিলোমিটার ভেতরে তেলকুপি গ্রামের খায়রুল মেম্বারের আমবাগানে অভিযান চালায়। এ অভিযানে মালিকবিহীন ৪৮ বোতল এস্কুফ সিরাপ, ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি বাইসাইকেল জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।



















