নজরুল বর্ষ উপলক্ষে নেত্রকোণায় দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
- Update Time : ০৭:১৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / 11

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীলতা, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ ৩১ আগস্ট ২০২৬ (সোমবার) নেত্রকোণার পাবলিক হল মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ নূরুজ্জামান এবং জেলা পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান।
অনুষ্ঠানের শুরুতে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও দর্শনের নানা দিক তুলে ধরেন। পাশাপাশি বর্তমান তরুণ প্রজন্মের মাঝে জাতীয় কবির অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পী ও প্রতিযোগীদের আবৃত্তি, নজরুলসংগীত এবং বৈচিত্র্যময় পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পাবলিক হলের মঞ্চ। তাঁদের নান্দনিক পরিবেশনায় ফুটে ওঠে বিদ্রোহী কবির সাম্য, প্রেম, মানবতা ও দেশপ্রেমের চিরন্তন চেতনা।



















