ইনাত নগর স্পোর্টিং ক্লাবের ২০২৬-২৭ সিজনের নতুন কমিটি ঘোষণা
- Update Time : ১১:৩৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 14
রুম্মান আহমদ:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী ও সুনামধন্য ক্রীড়া সংগঠন ইনাত নগর স্পোর্টিং ক্লাবের ২০২৬-২৭ সিজনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক শাহ ইয়াওর মিয়াকে সভাপতি, পরিচালক রাজু আহমেদকে সাধারণ সম্পাদক, প্রতিষ্ঠাকালীন প্রধান পরিচালক ও ক্রীড়া সংগঠক আদনান আহমদকে কোষাধ্যক্ষ এবং হেলাল আব্দুল্লাহকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এছাড়া ক্লাবের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম, ফখরুল উদ্দিন, এনটিভি ইউরোপের প্রতিনিধি ফুজায়েল আহমদ সাজু, আব্দুল লতিফ ও মাসুম আহমদ (ডার্লিংটন)।
উল্লেখ্য, ইনাত নগর স্পোর্টিং ক্লাব ইতোমধ্যে জগন্নাথপুর উপজেলায় ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ক্লাবটির ফুটবল দল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনুমোদিত। খেলাধুলার পাশাপাশি এলাকার সামাজিক কর্মকাণ্ড এবং মাদকমুক্ত সমাজ গঠনেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
নবনির্বাচিত সভাপতি শাহ ইয়াওর মিয়া বলেন, “অতীতে আমরা যেভাবে নিজেদের গ্রামকে ক্রীড়াঙ্গনে তুলে ধরতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ইতোমধ্যে উপজেলা লীগসহ কয়েকটি বড় দলের বিপক্ষে ম্যাচ খেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
জানা যায়, গ্রামের একদল তরুণের উদ্যোগ ও নেতৃত্বে ২০২০ সালে ক্রিকেট দল গঠনের মধ্য দিয়ে ইনাত নগর স্পোর্টিং ক্লাবের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০২১ সালে ফুটবল দল গঠন করা হয়। প্রতিষ্ঠার পর থেকে ক্রীড়াক্ষেত্রে সাফল্য অর্জনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে ক্লাবটি।
নতুন কমিটির হাত ধরে ইনাত নগর স্পোর্টিং ক্লাব আগামী দিনগুলোতে ক্রীড়াঙ্গনে আরও সাফল্য অর্জন করবে এবং এলাকার তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।









