হরিদেবপুরে পাগলা কুকুরের কামড়ে আতঙ্ক, নারীসহ একাধিক ব্যক্তি আহত!
- Update Time : ০৪:০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / 14
স্টাফ রিপোর্টার:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর এলাকায় পাগলা কুকুরের কামড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত দুই দিনে নারীসহ অন্তত ২ থেকে ৩ জনকে কামড়ানোর অভিযোগ উঠেছে একটি কুকুরের বিরুদ্ধে। এতে শিশু, নারী ও সাধারণ পথচারীদের মধ্যে চরম ভীতি বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোলখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হরিদেবপুর এলাকায় রিপন দাসের বাড়িতে থাকা একটি কুকুর ইতোমধ্যে কয়েকজনকে কামড়েছে বলে অভিযোগ রয়েছে।
গত দুই দিন আগে সকালে ছেলেকে মাদ্রাসায় পৌঁছে দিতে যাওয়ার সময় কুকুরটির আক্রমণের শিকার হন মোসাঃ সিনথিয়া হাসান।
ভুক্তভোগী সিনথিয়া হাসান জানান, সকাল আনুমানিক ৯টার দিকে ছেলেকে নিয়ে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে রিপন দাসের বাড়ির দিক থেকে কুকুরটি দৌড়ে এসে তাঁর ছেলেকে কামড়ানোর চেষ্টা করে। এ সময় ছেলেকে রক্ষা করতে তিনি দ্রুত তাকে কোলে তুলে নেন। কিন্তু শেষ পর্যন্ত কুকুরটি তাঁকেই কামড় দেয়। পরে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে গলাচিপা উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই কুকুরটি আরও অন্তত দুজনকে কামড়েছে। তাঁরা অভিযোগ করেন, কুকুরটির বিষয়ে মালিককে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এলাকাবাসী কুকুরটির মালিকের দায়িত্বশীল ভূমিকা এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত কুকুরের মালিক রিপন দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমার বলতে কোনো কুকুর নেই। আমার বাড়িতে একটি কুকুর এসে থাকে। আসলে কুকুরটি কোথা থেকে এসেছে, তা আমি জানি না।
এদিকে বিষয়টি নিয়ে গলাচিপা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পশু চিকিৎসক ডা. শুভ্রতো শিকদারের সঙ্গে কথা হলে তিনি জানান, সরকারি হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিন রয়েছে। আক্রান্ত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিতে হবে।
পাশাপাশি কুকুরটিকে ভ্যাকসিন দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে মালিকের সঙ্গে কথা বলে খোঁজ নেওয়া হবে।
একটি কুকুরের আক্রমণে যদি একের পর এক মানুষ আহত হন, তাহলে আর কতটা বিপদের মুখে পড়লে সংশ্লিষ্টদের টনক নড়বে,এমন প্রশ্ন এখন হরিদেবপুরের সাধারণ মানুষের।
বিশেষ করে শিশুদের মাদ্রাসা ও বিদ্যালয়ে যাতায়াত, নারী ও বয়স্কদের চলাচল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। একটি অবাধে ঘুরে বেড়ানো কুকুর যেন পুরো এলাকার মানুষের আতঙ্কের কারণ হয়ে না দাঁড়ায়, সে জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর দাবি, দ্রুত কুকুরটির অবস্থান শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।














