হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত
- Update Time : ১১:৩২:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 14
হারাধন সূত্রধর, ময়মনসিংহ:
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২১ নভেম্বর) আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুঃ বিল্লাল হোসেন খান এবং নেত্রকোণার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ও প্রাণের উৎসব ‘দেউলী’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, বাংলাদেশের প্রতিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসব আমাদের জাতীয় সম্পদ। এসব ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
হাজং সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি ও লোকজ জীবনধারার প্রতিফলন ঘটানো এ উৎসবে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।



















