হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ১১৯তম বোর্ড সভা অনুষ্ঠিত
- Update Time : ১১:৪৭:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 15
স্টাফ রিপোর্টার, ঢাকা:
রবিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ১১৯তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), এমপি। এ ছাড়া উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, এমপি এবং ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান নিপুণ রায় চৌধুরী, এমপি।
সভায় ট্রাস্টের সদস্যদের উদ্দেশে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, “আমি নিজেকে মন্ত্রী হিসেবে নয়, বরং আপনাদের পরিবারের একজন সদস্য এবং ভাই হিসেবে মনে করি। যেকোনো সমস্যায় আপনারা আমাকে সরাসরি জানাবেন।”
তিনি আরও বলেন, ট্রাস্টের মূল লক্ষ্য জনকল্যাণ সাধন। এ লক্ষ্য বাস্তবায়নে যেকোনো সিদ্ধান্ত সকল ট্রাস্টির সম্মিলিত মতামতের ভিত্তিতে গ্রহণ করা হবে।
ট্রাস্টের প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সিন্ডিকেট ভেঙে দিতে মন্ত্রণালয়ের প্রতিনিধি, সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ট্রাস্টিদের মধ্য থেকে সদস্যদের অন্তর্ভুক্ত করে তদারকি কার্যক্রম জোরদার করার বিষয়ে সভায় আলোচনা হয়।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ, এইচ, এম কামরুজ্জামান, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শ্রী তপন চন্দ্র মজুমদার, ট্রাস্টের সচিব দেবেন্দ্র নাথ উরাঁওসহ হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সকল ট্রাস্টি উপস্থিত ছিলেন।



















