জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক সংস্কারের দাবীতে পরিবহণ শ্রমিকদের অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট ৯ঘন্টা পর প্রত্যাহার

স্টাফ রিপোর্টার:
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক খানা খন্দকে ভরপুর হয়ে যানবাহন চলাচলে অনুপযোগী সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের উদ্যোগ না থাকায় সড়ক সংস্কারের দাবীতে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট ৯ঘন্টা পর প্রত্যাহার করা হয়েছে। প্রশাসন ও জনপ্রতিনিধিরা আগামী ২৩সেপ্টেম্বরের মধ্যে সড়কটিতে যানবাহন চলাচলের উপযোগী করে সংস্কারের আশ্বাস দেয়ায় পরিবহণ শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেন। পরিবহণ শ্রমিকদের পূর্ব ঘোষিত সময় অনুযায়ী মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে পরিবহণ ধর্মঘট শুরু হলে জগন্নাথপুর ও বিশ্বনাথ উপজেলার সাথে বিভাগীয় ও জেলা শহরের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা চরম দূর্ভোগে পড়েন। পরিবহণ শ্রমিকরা সকাল থেকে সড়কের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে সকল প্রকার যানবাহন চলাচলে বাধা নিষেধ করেন। এছাড়াও সড়কটির জগন্নাথপুর পৌর শহরের ভবেরবাজার এলাকায় মালবাহী ট্রাক গর্তে আটকা পড়ে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম জানান, সড়ক সংস্কারের আশ্বাসে পরিবহণ শ্রমিকরা তাদের পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করেছেন। সড়কটির উপজেলা সদর থেকে কেউনবাড়ি বাজার পর্যন্ত ১৩ কিলোমিটার অংশে ৩৫কোটি টাকা বরাদ্ধ হয়েছে। শীঘ্রই দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে ঠিকাদার নিযুক্তির পর কাজ শুরু করা হবে। এলজিইডির জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার জানান, জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের কেউনবাড়ি বাজার পর্যন্ত ১৩কিলোমিটার অংশে নতুন ভাবে প্রশস্ত করন সহ সড়কটি সংস্কার কাজের জন্য ইতোমধ্যে ৩৫ কোটি টাকা বরাদ্ধ হয়েছে। শীঘ্রই দরপত্র আহবানের মাধ্যমে ঠিকাদার নিযুক্ত করা হবে। এছাড়াও সাম্প্রতিক সময়ে সড়কের ক্ষতিগ্রস্থ অংশে মেরামত কাজ শুরু করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি নিজামুল করিম জানান, প্রশাসন সংস্কারের আশ্বাস দেয়ায় পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে আগামী সোমবার (২৩ সেপ্টেম্বর) মধ্যে সড়ক সংস্কার করা না হলে ২৪ সেপ্টেম্বর থেকে পূর্ব ঘোষনা অনুযায়ী পরিবহন ধর্মঘট চলবে। এদিকে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক ও রামপাশা-সিঙ্গেরকাছ সড়ক আগামী ২৩সেপ্টেম্বরের মধ্যে সংস্কার কাজ শুরু করা হবে বলে প্রশাসনের দেয়া আশ্বাসে সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট দুপুর ১টায় প্রত্যাহার করা হয়েছে। তবে ২৩ সেপ্টেম্বরের মধ্যে সড়ক সংস্কার কাজ শুরু করা না হলে ২৪সেপ্টেম্বর সকাল ৬টা থেকে পুনরায় অনির্দিষ্টকালের জন্য শ্রমিকরা ধর্মঘট পালন করবেন বলে শ্রমিক নেতারা জানিয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পালের সভাপতিত্বে রাজনীতিবীদ, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও পরিবহন শ্রমিক নেতাদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ২৩ সেপ্টেম্বর মধ্যে সড়কের সংস্কার কাজ শুরুর আশ্বাস প্রদান করা হয়। এসময় মুঠোফোনে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া পরিবহন শ্রমিকদের সাথে কথা বলেন এবং সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছেন। সভা থেকে সড়ক সংস্কারের বিষয়ে সংসদ সদস্য মোকাব্বির খানের সাথে যোগাযোগ করা হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ শামীম মুসা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, সিলেট-বিশ্বনাথ-জগন্নাথপুর-লামাকাজী-টুকেরবাজার শ্রমিক উপ-কমিটির সভাপতি ইউপি সদস্য ফজর আলী, সাধারণ সম্পাদক মো: শাহজাহান সহ সাংবাদিকবৃন্দ ।
প্রসঙ্গত: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের জগন্নাথপুর উপজেলার কেউনবাড়ি বাজার পর্যন্ত ১৩কিলোমিটার এবং বিশ্বনাথ উপজেলার ১৩ কিলোমিটার সহ প্রায় ২৬কিলোমিটার সড়কের বেহাল দশার ফলে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। পুরো সড়ক জুড়ে খানা খন্দকে ভরপুরের পাশাপাশি অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তগুলোতে মালবাহি ট্রাক, যাত্রীবাহি বাস সহ সকল প্রকার যানবাহন আটকে গিয়ে বিকল হয়ে পড়ছে। এছাড়াও সিএনজি অটোরিক্্রা, টমটম, রিক্্রা, মটর সাইকেল সহ সকল প্রকার যানবাহন এসব গর্তে পড়ে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়। সড়কের এসব গর্তগুলোতে বৃষ্টির পানি জমে থাকার কারনে যাতায়াতকৃত অধিকাংশ যানবাহনগুলো অসাবধানবশত: গর্তে পড়ে গিয়ে যানবাহনের ক্ষতির পাশাপাশি যাত্রীদেরও জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *