জগন্নাথপুরে এলজিইডির সড়কের একই স্থানে ২০বার গর্ত

স্টাফ রিপোর্টার :
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির সড়কের জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল এলাকায় সড়কের পুন: সংস্কারের ৩মাস পর একই স্থানে ২০বার গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন জনসাধারন। এলজিইডির উপজেলা প্রকৌশল অধিদপ্তর ওই স্থানের প্রায় ১শ ফুট সড়ক এনিয়ে ২০বার সংস্কার করেও সুফল পাচ্ছেননা। এলজিইডির জগন্নাথপুর উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানাযায়, জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের কেউনবাড়ি এলাকা পর্যন্ত ১৩ কিলোমিটার অংশে ইতোমধ্যে ৩৫কোটি টাকা বরাদ্দ হয়েছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করনের পর চলতি বছরেই সড়কটির নতুন সংস্কার কাজ শুরু হবে। এদিকে গত ক’দিনের অব্যাহত বৃষ্টিপাতের ফলে সড়কটির হাসপাতাল এলাকার একটি কমিউনিটি সেন্টারের সামনে প্রায় শতাধিক ফুট সড়ক কাঁদাযুক্ত হয়ে বিপদজনক অবস্থার সৃষ্টি হয়। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে ওই স্থানে সিলেট থেকে ছেড়ে আসা জগন্নাথপুর অভিমূখী মালবাহী ট্রাক গর্তে আটকে যাওয়ায় দু-পাশে দিনভর তীব্র যানজটের সৃষ্টি হয়। একদিকে বৃষ্টিপাত অন্য দিকে যানজট আবার কাঁদাযুক্ত সড়ক সব মিলিয়ে যাতায়াতকারী জনসাধারনকে বিস্মিত করে তুলে। প্রায় ২ঘন্টা পর দু-পাশের যানজট কিছুটা কমে আসে। কিন্তু গর্তে আটকে যাওয়া মালবাহী ট্রাকটি এখনো গর্ত থেকে উঠানো হয়নি। শহরের বটেরতল এলাকার জালাল মিয়া জানান, এলজিইডি সড়কের ছিক্কা এলাকায় এক মাসে ২০বার গর্তের সৃষ্টি হয়েছে। এলজিইডি কর্তৃপক্ষ ওই স্থানে গর্ত ভরাট করে দিলেও সড়কে সর্বোচ্চ ৫টন মালবাহী যানবাহন চলাচলের সুবিধা থাকলেও ওই সড়ক দিয়ে ২০ থেকে ২৫টন মালবাহী যানবাহন চলাচল করায় একই স্থানে একাধিকবার গর্তের সৃষ্টি হওয়ায় মালবাহী যানবাহনের পাশাপাশি যাত্রীবাহী যানবাহনগুলোও আটকা পড়ছে। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের আহবানে নাগরিক মতবিনিময় সভায় সড়ক যোগাযোগের বিপর্যয় রোধে কার্যকর পদক্ষেপ গ্রহনে স্থানীয় জনসাধরন ও ব্যবসায়ীদের সাথে ফলপ্রসু মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। মতবিনিময় সভায় সড়ক সংস্কারে ৩৫ কোটি টাকা বরাদ্দ দেয়ায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সড়কটি চলতি বছরে সংস্কার কাজ শুরু হওয়ার আশাবাদ ব্যক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *