ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ২ নারী
- Update Time : ১০:১৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 14

বেনাপোল প্রতিনিধি:
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী।
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর বিকেল ৫টা ২৫ মিনিটে ভারতের হরিদাসপুর আইসিপি সীমান্ত দিয়ে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
প্রত্যাবাসিত দুই নারী হলেন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ঘাঘা গ্রামের বি এম ল্যাবুর মেয়ে লাবনী বিশ্বাস এবং নড়াইল সদর থানার ৩ নম্বর ওয়ার্ড মহিষখোলা এলাকার জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে মনি বিশ্বাস।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভালো কাজ ও জীবিকার আশায় ২০২৪ সালের ৪ আগস্ট দালালের প্রলোভনে পড়ে অবৈধপথে ভারতে যান তারা। সেখানে গিয়ে পুলিশের হাতে আটক হলে কর্ণাটকের বেঙ্গালুরু বোম্মানাহাল্লি থানা ও স্থানীয় আদালতের মাধ্যমে তাদের কারাভোগ হয়। সাজা শেষে তাদের বেঙ্গালুর ‘বালামন্দির চাইল্ড হোমে’ রাখা হয়।
পরে দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে তাদের প্রত্যাবাসনের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। ভারতের চেন্নাইয়ে নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশন গত ৩ জুলাই ‘ট্রাভেল পারমিট’ এবং ব্যাঙ্গালোর এফআরআরও দপ্তর ৪ সেপ্টেম্বর এক্সিট পারমিট ইস্যু করলে তাদের দেশে ফেরানো হয়।
বেনাপোল-পেট্রাপোল শূন্যরেখায় প্রত্যাবাসনকালে ভারতের পক্ষে হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ, ১০২ ব্যাটালিয়ন বিএসএফের কোম্পানি কমান্ডার ও বোম্মানাহাল্লি থানার সাব-ইন্সপেক্টর এবং বাংলাদেশের পক্ষে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান ও ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান বলেন, কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, আইনি আনুষ্ঠানিকতা শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তরের জন্য যশোরের এনজিও ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ গ্রহণ করেছে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ততক্ষণ তারা যশোরের শেল্টার হোমে নিরাপদে থাকবেন।



















