সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন
- Update Time : ০৩:৩০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / 10

সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী), শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ-২০২৬ উপলক্ষে সারাদেশের ন্যায় সুনামগঞ্জেও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেছে জেলার শিশু-কিশোররা।
মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ উপভোগ করেন বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিশু-কিশোররা। পরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমানের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার এ কে এম জাকির হোসেন (পিপিএম), সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, জেলা বিএনপি নেতা মো. আকবর আলী, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদ, হাফেজা ফেরদৌস লিপন, শিশু বক্তা নুজহাত লমীদ নাজা ও এস এম আবু নাহীম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের খুব ভালোবাসেন বলেই বিভিন্ন অনুষ্ঠানে শিশু-কিশোরদের বুকে টেনে নেন। বর্তমান ও আগামী প্রজন্মের শিশু-কিশোররাই একদিন এই স্বাধীন বাংলাদেশের নেতৃত্ব দিয়ে দেশের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাবে এবং বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে। তিনি শিশু-কিশোরদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
পরে শিশু শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

















