জগন্নাথপুরে আরডিএফ গ্লোবালের উদ্যোগে যাকাতের নগদ অর্থ বিতরণ
- Update Time : ১১:৪২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
- / 1
স্টাফ রিপোর্টারঃ-
রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) গ্লোবালের উদ্যোগে দিনব্যাপী জগন্নাথপুর উপজেলার ২২০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার ২৫ মে জগন্নাথপুর উপজেলা অডিটোরিয়ামে আরডিএফের চেয়ারম্যান তালহা চৌধুরী, কান্ট্রি ম্যানেজার আব্দুন নূর, আরডিএফ একাডেমির অধ্যক্ষ প্রজেক্ট অফিসার রাইয়ান আহমেদ এবং প্রজেক্ট অফিসার হানিফ আহমেদ ও মাসুম চৌধুরী উপস্থিততে ১৩০ জন পুরুষ ও ৯০ জন নারীর মাঝে পাঁচ হাজার টাকা করে পৌঁছে দেয়া হয়েছে।
আরডিএফ কর্তৃপক্ষ জানান, এই কর্মসূচির পেছনে যুক্তরাজ্য ও বাংলাদেশের দুটি দলের নিরলস পরিশ্রম রয়েছে। দলের সদস্যরা একে একে প্রতিটি পরিবারের দোরগোড়ায় পৌছে তাদের জীবনযাত্রার বাস্তব চিত্র নিজের চোখে দেখেছেন এবং সত্যিকারের অসহায়দের তালিকা তৈরি করেছেন।
পণ্যের বদলে নগদ অর্থ দেয়ার সিদ্ধান্তও সুচিন্তিত। কারণ প্রতিটি পরিবারের সংকট আলাদা – কেউ খাবারের কষ্টে, কেউ ওষুধের অভাবে, কেউ আবার ঋণের চাপে দিশেহারা। নগদ অর্থ তাদের নিজের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয় এবং তাদের মর্যাদাকে সম্মান জানায়।
তাঁদের পাশে থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন আল আমিন, সুমন, সুজন, সামাদ, হেলাল, সুমান, জামিল, রাশেদ, মোস্তফা ও নুফায়েলসহ একদল স্বেচ্ছাসেবী। আরডিএফ গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবের চৌধুরী জানান, “শুধু অর্থ বিতরণ করাই আমাদের লক্ষ্য নয়। আমরা চাই মানুষ তার নিজের মর্যাদা নিয়ে বাঁচুক।
তাই প্রতিটি পরিবারকে আমরা সরাসরি নগদ অর্থ দিয়েছি, যাতে তারা নিজেরাই ঠিক করতে পারেন কোথায় সবচেয়ে বেশি প্রয়োজন। এই যাকাত শুধু আর্থিক সহায়তা নয়, এটি একটি বিশ্বাসের সম্পর্ক – দাতা ও গ্রহীতার মধ্যে।”####

















