কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন নেতাকর্মীরা
- Update Time : ১২:৩৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / 11

গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে রাস্তার পাশে কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এমপির নেতৃত্বে (বুড়িচং -ব্রাহ্মণ পাড়া) উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৭টা থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসার এলাকায় রাস্তার এক পাশে কুমিল্লা ৫ আসনের নেতাকর্মীদের ঢল নামে। প্রধানমন্ত্রী তারেক রহমানের অপেক্ষায় সুশৃঙ্খল ও সারিবদ্ধ ভাবে লাইন ধরে নেতাকর্মীরা অবস্থান নেন। দলের চেয়ারম্যান ও সরকার প্রধানকে স্বাগত জানাতে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ফেস্টুন ও শুভেচ্ছা স্মারক হাতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
মহাসড়কের নিমসার এলাকায় গাড়িবহরে তারেক রহমানকে দেখে নেতাকর্মীদের মধ্যে বাঁধ ভাঙা উল্লাস ও উৎসবের জোয়ার বইতে দেখা যায়। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করেন।
দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত প্রায় ১০৪ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।প্রধানমন্ত্রীর সফর ঘিরে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে হাইওয়ে ও ট্রাফিক পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা।









